দ্রাবিড়ের কোনো বিকল্প নেই: টেন্ডুলকার
দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ার শেষে গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রাহুল দ্রাবিড়। এরপর থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টানা আটটি টেস্টে হারের স্বাদ পেয়েছে ভারত। এ সময় দ্রাবিড়ের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের অভাবটা হয়তো অনুভব করছেন ভারতীয় ক্রিকেটাররা। আর তিন নম্বরে ব্যাটিংয়ের ক্ষেত্রে দ্রাবিড়ের যে কোনো বিকল্প নেই, সে কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার।সম্প্রতি এক সাক্ষাত্কারে শচীন টেন্ডুলকার বলেছেন, ‘শুধু ভারতের জন্যই না, বিশ্ব ক্রিকেটের জন্যও দ্রাবিড় একজন অসাধারণ খেলোয়াড়। কেউই রাহুল দ্রাবিড়ের জায়গাটা পূরণ করতে পারবে না। পুরো দেশই তাঁর অভাব অনুভব করে। কারণ, রাহুলকে তিন নম্বরে ব্যাট করতে দেখাটা সবারই অভ্যাসে পরিণত হয়েছিল। যদিও এ রকম ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে। কারণ, এভাবেই খেলাটা বছরের পর বছর চলে আসছে। সব খেলোয়াড়কেই একদিন অবসর গ্রহণ করতে হবে।’সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের ভরাডুবির জন্য দলের কাঠামোকে দোষারোপ করতে চান না টেন্ডুলকার। তিনি বলেছেন, ‘আমার মতে, এই ব্যর্থতার জন্য দলের কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা যায় না। কারণ, এই একই কাঠামো নিয়ে আমরা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলাম। কাজেই এই দলীয় কাঠামো নিয়ে কোনো সমস্যা নেই।’—টাইমস নিউজ নেটওয়ার্ক