দ্রাবিড়ের বিদায়ী সংবর্ধনা
পরনে কালো স্যুট। ঠিক যেন ৯ মার্চের পোশাকটাই। পার্থক্য ‘টাই’-এর রঙে। বিদায় ঘোষণার দিন পরেছিলেন গাঢ় নীল টাই, পরশু রাতে লাল। মিল থাকল আরেক জায়গায়। সেদিনও আবেগাক্রান্ত ছিলেন। এ দিনও আবেগের স্রোতে বাঁধ দিয়ে রাখতে পারলেন না। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত বিদায়ী সংবর্ধনায় রাহুল দ্রাবিড় বক্তৃতাই শুরু করেছেন আবেগমথিত গলায়। বলেছেন, ‘প্রতিজ্ঞা করেছিলাম, আমার জন্য যতগুলো অনুষ্ঠান আয়োজন করা হবে, এর একটাতেও কাঁদব না। কিন্তু আমাকে আজ চরম পরীক্ষাই দিতে হলো।’আমন্ত্রিতদের মধ্যে শচীন টেন্ডুলকার আর কপিল দেব আসতে পারেননি। অনুষ্ঠানে টেন্ডুলকারের বক্তব্য দেওয়ারও কথা ছিল। কিন্তু আগে থেকেই লন্ডনে এক চিকিৎসককে দেখানোর দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন টেন্ডুলকার। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে সেই চিকিৎসককে দেখানোর জন্যই অনুষ্ঠানে থাকতে পারেননি টেন্ডুলকার। প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলের অনুপস্থিতির কারণটা জানা যায়নি। তবে এই দুজন ছাড়া ভারতীয় সাবেক-বর্তমান তারকাদের প্রায় সবাই এসেছিলেন ‘ওয়াল’কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে। গাভাস্কার-বেদিরা ছিলেন। ছিলেন অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ এবং এমএস ধোনির মতো দ্রাবিড়ের সাবেক সতীর্থরাও।ক্রিকেটকে তিনি কী দিয়েছেন, এ কথা কখনোই দ্রাবিড় বলেন না। পরশুও বলে গেলেন, ক্রিকেট থেকে তাঁর প্রাপ্তির লম্বা তালিকার কথাই, ‘আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতাগুলোর বেশ কিছু ক্রিকেট থেকেই হয়েছে। অবিশ্বাস্য কিছু জয় পেয়েছি, মন ভেঙে দেওয়া পরাজয়ও। সেখান থেকে আমি শিখেছি, কঠিন সময়ও একসময় শেষ হয়, আমরা সেটি জয় করে টিকে থাকতে পারি।’৯ মার্চ বিদায় ঘোষণার দিনই লম্বা একটা কৃতজ্ঞতা প্রকাশের তালিকা দিয়েছিলেন। এদিন আবারও সাবেক ক্রিকেটার, সতীর্থ, বোর্ড কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানালেন। এমনকি আপাদমস্তক ভদ্রলোক দ্রাবিড়ের ধন্যবাদের তালিকায় যুক্ত হলেন ‘কাব্যে উপেক্ষিত’ আরও অনেকে, ‘আমি ধন্যবাদ জানাতে চাই মাঠকর্মী, স্কোরার, আম্পায়ার এবং সেই সব মানুষকে; যাঁরা অবৈতনিকভাবে কাজ করে ক্রিকেটকে সংগঠিত হতে সাহায্য করছেন, পারফর্ম করার মঞ্চটা বানিয়ে দিচ্ছেন। তাঁরা না থাকলে এই সব শতক, এই সব অর্জন সম্ভবই হতো না।’ এ সময় ভারতীয় ক্রিকেটের দাপট আর খবরদারি নিয়ে অনেক কথা হয়। দ্রাবিড় মনে করিয়ে দিলেন, ‘১৯৯৬ সালে যখন আমি শুরু করি, ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো দেখা হতো। আমাদের সব সময় গ্রীষ্মের প্রথমভাগেই ইংল্যান্ড সফর করতে হতো, খেলতে হতো ছোট কাউন্টি মাঠগুলোতে। ভারতীয় ক্রিকেটাররা এটি বদলে দিয়েছে, তবে বিসিসিআইও আমাদের আন্তর্জাতিক ক্রিকেটের “বিগ বয়েজ”-এ পরিণত করতে ভূমিকা রেখেছে।’সতীর্থদের নাম ধরে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর বক্তব্যের বিভিন্ন পর্যায়ে। এমনকি যাঁর সঙ্গে তাঁর সম্পর্কের কল্পিত ফাটল নিয়ে দিস্তার পর দিস্তা লেখালেখি হয়েছে, সেই দাদাকেও পরম আবেগে সম্বোধন করেছেন। মজা করে বলেছেন, ‘আমাদের জুটিটা ছিল দারুণ। অধিনায়ক, সহ-অধিনায়কের সম্পর্কটা যেমন হয়, তোমার সঙ্গে আমার সম্পর্কটাও ছিল তেমনই স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো। আমরা দুর্দান্ত করেছি।’ সৌরভও তাঁর বক্তব্যে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তাঁর অধিনায়কত্বে দ্রাবিড়ের অবদান, ‘আমার অধিনায়কত্বে তুমি আর জন (রাইট) পর্দার আড়ালে অনেক কঠোর পরিশ্রম করেছ ভারতীয় দলটাকে শক্তিশালী করে গড়ে তুলতে। বিশ্ব ক্রিকেটে তুমিই আমার দেখা সেরা তিন নম্বর। তুমি সেই স্তম্ভের একটি, ভারতীয় ক্রিকেটকে যেটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।’ ওয়েবসাইট।