দ্রাবিড়ের ‘শেষের শুরু’ কালই !
শেষ হতে যাচ্ছে ক্রিকেটের একটি অধ্যায়। অতীত হয়ে যাচ্ছেন সমসাময়িক ক্রিকেটের অন্যতম এক গ্রেট। ‘দ্য ওয়াল’খ্যাত রাহুল দ্রাবিড় চলে যাচ্ছেন ক্রিকেট ইতিহাসের পাতায়। কিছুদিন আগেই বলেছিলেন, শেষের শুরুটা দেখতে পাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে টানা ব্যর্থতায় কেবল শেষটা বড় তাড়াতাড়ি হয়ে এল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানা গেছে, রাহুল নাকি কালই আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণাটা দিতে যাচ্ছেন।গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ভয়াবহ বাজে একটা সিরিজ কাটানোর পর একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজে একটা ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি ভারত। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতের অন্যতম ব্যাটিং ভরসা রাহুল দ্রাবিড়। তবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের মতো এবারও চিরবিদায়ের মুহূর্তটা মোটেই সুখকর হলো না মি. ওয়ালের। এমন একটা সময়ে তিনি অবসর নিতে যাচ্ছেন, যখন বিদেশের মাটিতে টানা আটটি ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে ভারতকে। ভারতের অন্য কোনো অভিজ্ঞ ব্যাটসম্যানকেই এমন অবস্থার মধ্য দিয়ে বিদায় নিতে হয়নি।ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুইটা টেস্ট সিরিজের একটিতেও জয় না পাওয়ার পর ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে অপসারণ করে তরুণ ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছিল ভারতীয় সমর্থকেরা। এর প্রতিক্রিয়াতেই হয়তো সরে দাঁড়ানোটাই সময়োচিত বলে মনে করছেন ৩৯ বছর বয়সী দ্রাবিড়। তবে দ্রাবিড় তাঁর দীর্ঘদিনের টেস্ট ক্যারিয়ারে যেভাবে ভারতের নির্ভরতার প্রতীক হিসেবে ব্যাটিং করে গেছেন, তা নিশ্চয়ই সহজে ভুলে যাবে না ভারতীয় সমর্থকেরা। দীর্ঘ ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৬৪টি ম্যাচ খেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ১৩ হাজার ২৮৮ রান সংগ্রহ করেছেন রাহুল দ্রাবিড়। এর মধ্যে শতকের ইনিংস ছিল ৩৬টি।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আরও কিছুদিন আইপিএলে রাজস্থান রয়্যালসের পক্ষে খেলে যাবেন রাহুল দ্রাবিড়।