দ্রুত ফিরতে চান বেকহাম
চাইলে মন্দেরও নাকি একটা ভালো দিক খুঁজে পাওয়া যায়। যেমন পাচ্ছেন ডেভিড বেকহাম। ইনজুরির কারণে কমপক্ষে চার মাস মাঠের বাইরে চলে যাওয়া এই তারকা ফুটবলারের হাতে এখন অফুরন্ত অবসর। বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণ হচ্ছে না, তাতে কী! অনেক দিন পুষে রাখা আরেকটি লক্ষ্য এবার পূরণ করে ফেলতে চান বেকহাম। তিনটি ছেলের পর একটি মেয়ে নেওয়ার যে আকাঙ্ক্ষা তাঁর, এবার সেই চেষ্টাই করবেন বলে জানিয়েছেন এই মিডফিল্ডার। বাকিটুকু ঈশ্বরের হাতে!ফিনল্যান্ডে সফল অস্ত্রোপচারের পর দ্রুত সেরে উঠছেন বেকহাম। গতকালই ছেড়ে গেছেন হাসপাতাল। বেকহামের পাশে দাঁড়াতে সাড়ে ছয় হাজার মাইল পথ পাড়ি দিয়ে উড়ে গেছেন ভিক্টোরিয়া। বেকহামের চিকিৎসক সাকারি ওরাভা জানিয়েছেন, বেকহাম এখন ধীরে ধীরে হাঁটার অনুশীলন করছেন, ‘সবকিছু ভালোমতোই হয়েছে। ও (হাঁটার) অনুশীলন শুরু করেছে। প্রতিদিনই এই অনুশীলনের মাত্রা বাড়বে। আগে অনেকেই যেমনটা আশঙ্কা করেছিলেন, বেকহামের ক্যারিয়ারই বুঝি শেষ করে দেবে এই চোট, সেই শঙ্কা দূর হয়ে গেছে। বিশ্বকাপ খেলা হবে না ঠিকই, কিন্তু ফিট হয়ে গেলে বেকহাম ২০১২ ইউরো বাছাইপর্বে জাতীয় দলে খেলতে পারবেন। এলএ গ্যালাক্সিও তাঁকে ফিরে পেতে উন্মুখ।এদিকে হুট করে এমন একটা গুরুতর চোট পাওয়ার পর যাঁরা শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই বেকহামের। প্রথম ধন্যবাদটা চিকিৎসকদেরকেই দিলেন, ‘সফল অস্ত্রোপচার হয়েছে। আমি চিকিৎসক ওরাভাকে ধন্যবান জানাতে চাই। ধন্যবাদ জানাই, ফিনল্যান্ডের হাসপাতালের কর্মীদের, যাঁরা আমার দেখভাল করেছেন।’এর পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এই ৩৪ বছর বয়সী, ‘এই সুযোগে আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার জন্য শুভকামনা জানিয়েছেন। এসব লোকের গুরুত্ব আমার কাছে অনেক।’ যত দ্রুত সম্ভব মাঠে ফেরার আশাবাদও জানালেন, ‘আমি ইতিবাচক বোধ করছি। আমার মনোযোগ এখন পুরো ফিটনেস ফিরে পাওয়ার ওপর। আসছে মাসগুলোয় সেই চেষ্টাই আমি করব।’গতকালই ফিনল্যান্ড থেকে ইংল্যান্ডের উদ্দেশে ব্যক্তিগত হাওয়াই জাহাজে উড়াল দেওয়ার কথা তাঁর। ইংল্যান্ডে বিশ্রাম নেওয়ার পর লস অ্যাঞ্জেলেসে ফিরবেন তিনি। এদিকে বেকহামকে শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও। এএফপি।