দ্রুত সেরে উঠছেন নেইমার

চিলির বিপক্ষে বেশ কয়েকবার মারাত্মক ট্যাকেলের শিকার হন নেইমার। ম্যাচ শেষে জানা গিয়েছিল, তিনি নাকি ঊরু ও হাঁটুতে চোট পেয়েছেন। এমনকি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়েও দেখা দিয়েছিল সংশয়। ব্রাজিল-সমর্থকদের সুসংবাদ, দ্রুত সেরে উঠছেন ‘ব্রাজিলীয় সেনসেশন’।
বুধবার তেরেসোপোলিসে দলের অনুশীলন কেন্দ্রে হালকা অনুশীলন করেছেন নেইমার। দলের চিকিত্সক হোসে লুইজ রুনকো সাংবাদিকদের জানিয়েছেন, ‘নেইমার বাম ঊরু ও ডান হাঁটুতে ব্যথা পেয়েছিল। বিশ্রামের পাশাপাশি হালকা অনুশীলন করেছে। দ্রুতই সেরে উঠছে সে।’
ম্যাচের তিন দিন আগেও (গতকাল) খেলোয়াড়েরা কঠোর অনুশীলনে নামেননি—ব্রাজিলের গণমাধ্যমের এ সমালোচনার জবাবে রুনকো বললেন, ‘খেলোয়াড়দের বিশ্রাম দরকার। দুপুরের গরমে টানা ১২০ মিনিট খেলেছে তাঁরা (চিলির বিপক্ষে)। ওই ম্যাচে খেলোয়াড়দের প্রচুর শারীরিক ও মানসিক ধকল গেছে।’ এএফপি