দ্রুত সেরে উঠছেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটে আক্রান্ত হবার পর সুয়ারেজ। তবে বিশ্বকাপ খেলার আশাটা উবে যায়নি এখনো  ছবি: রয়টার্স।
চোটে আক্রান্ত হবার পর সুয়ারেজ। তবে বিশ্বকাপ খেলার আশাটা উবে যায়নি এখনো ছবি: রয়টার্স।

যাকে ঘিরে উরুগুয়ের আকাশসম স্বপ্ন, সেই লুইস সুয়ারেজ এখন চোটগ্রস্ত। তা-ও এমন এক সময়, যখন দরজায় খটখট করে কড়া নাড়ছে বিশ্বকাপ। এ দুঃসংবাদে উরুগুয়ের সমর্থকদের ঘুম যে হারাম হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে স্বস্তির খবর মিলেছে, উরুগুয়ের তুরুপের তাস সেরে উঠছেন বেশ দ্রুতই। সুয়ারেজের বিশ্বকাপ খেলার স্বপ্ন তাই এখনো জীবিত। 
সুয়ারেজ চোট পেয়েছিলেন অনুশীলনে। বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন চলছে পুনর্বাসন। চিকিত্সক আলবের্তো পান দলের অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আশার বাণীই শোনাতে চেয়েছেন, ‘মাত্র কয়েক দিন গেছে (অস্ত্রোপচারের পর)। তবে আমরা বলতে পারি, অনেক উন্নতি হয়েছে।’
তবে কবে নাগাদ সেরে উঠতে পারেন, সেটি বলতে পারলেন না চিকিত্সক, ‘সুয়ারেজ কখন সেরে উঠবে, এই কথা বলা দুঃসাহসিকই। আমাদের সামনে এখনো তিন সপ্তাহ আছে। এ সময়ে সে অনেক কিছু করতে প্রস্তুত, সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আবার নিশ্চিতও হতে পারছি না।’
তবে উরুগুয়ের স্ট্রাইকার মানসিকভাবে যথেষ্ট উজ্জীবিত আছেন বলেই জানালেন পান। ব্যাপারটিতে তিনি সন্তুষ্টও ‘তাঁর কাছ থেকে কোনো ধরনের নেতিবাচক অভিব্যক্তি পাইনি। সে সব সময়ই ইতিবাচক।’ সবাইকে খানিকটা স্বস্তি দিতেই দুদিন আগে টুইট করেছিলেন এ স্ট্রাইকার, ‘আমার স্বপ্ন এখনো অটুট, ওখানে (বিশ্বকাপে) আমি থাকবই৷’