দ্রুতই ফিরবেন যুবরাজ
ক্যানসার আক্রান্ত হওয়ার পর ক্রিকেট ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গিয়েছিল যুবরাজ সিংয়ের। কোনো দিন আর মাঠে ফিরতে পারবেন কি না, সেই আশঙ্কা পেয়ে বসেছিল হয়তো সবাইকে। ক্যানসারের চিকিত্সা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। শরীর বলছে ক্রিকেটকে বিদায় জানানোর হুমকিটা হয়তো জয় করে ফেলেছেন তিনি। যুবরাজ নিজেও মনে করেন, তাঁর ক্রিকেটে না ফেরার আর কোনো কারণ নেই। তিনি আশাবাদী খুব দ্রুতই তিনি ফিরবেন ব্যাট-বলের জগতে। গড়ে তুলবেন রানের ঝড়। অপেক্ষা হয়তো আর বেশি নেই। তিন থেকে চার মাসের মধ্যেই মাঠে ফিরবেন গত বিশ্বকাপের সেরা এই ক্রিকেটার।আত্মবিশ্বাস এখন তুঙ্গে যুবরাজের। আজ বৃহস্পতিবার চণ্ডীগড়ে সংবাদ কর্মীদের সামনেই ফুটে বের হলো সেই আত্মবিশ্বাস। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করেছিলেন তিনি আগামী এক বছরের মধ্যে মাঠে ফিরতে পারবেন কি না। সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী যুবরাজ বলেছেন, ‘এক বছর অনেক বেশি সময়। আমি খুব দ্রুতই মাঠে ফেরার আশা করছি। হয়তো তিন বা চার মাসের মধ্যেই।’ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর এই বছরের শুরুতেই যুক্তরাজ্যে চিকিত্সা গ্রহণ করেছেন যুবরাজ সিং। তিন দফার কেমোথেরাপি গ্রহণ করার পর গত মাসে ভারতে ফিরেছেন তিনি। দেশে ফেরার পরপরই আবার ক্রিকেট অঙ্গনে ফেরার আশা প্রকাশ করেছিলেন ভারতের এই ড্যাশিং অলরাউন্ডার। তবে কাজটা যে খুব সহজ হবে না, সেটাও স্বীকার করেছিলেন তিনি। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবারের মতো মাঠে নেমেছিলেন যুবরাজ। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পর ২৭৪টি ওয়ানডে খেলে ৮০৫১ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ৩৭ টেস্টে করেছেন ১৭৭৫ রান।