দ্রুতই বিস্তারিত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাইলেন না ট্রাইব্যুনাল-প্রধান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম। তবে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব বিস্তারিত কারণসহ বিপিএল ফিক্সিংয়ের রায় দিয়ে দেবেন তাঁরা। এরপর প্রক্রিয়া অনুযায়ী হবে শাস্তির শুনানি ও রায় ঘোষণা।
গত বছরের অক্টোবর মাসে কাজ শুরু করে ট্রাইব্যুনাল বিপিএল ফিক্সিং মামলার সংক্ষিপ্ত রায় দেন গত ফেব্রুয়ারি মাসে। এর সপ্তাহ তিনেকের মধ্যে কারণসহ পূর্ণাঙ্গ রায় দেওয়ার কথা বলা হলেও এখনো সেটা দেওয়া হয়নি। এ নিয়ে দুই দিন আগে বেশ বিরিক্তই প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিষয়টি নিয়ে আইসিসির সভায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে জানিয়ে সংবাদমাধ্যমের সামনে সেটার একটা উদাহরণও তুলে ধরেছেন তিনি, ‘আশরাফুলের বিষয়টাই ধরুন। তারা (আইসিসি) জানতে চেয়েছে, ফিক্সিংয়ের কথা স্বীকার করা একজনের যেখানে শাস্তি ঘোষণা হচ্ছে সেখানে সে যাদের কাছ থেকে টাকা নিল, তারা কীভাবে মুক্তি পেয়ে যায়! আমি এর কোনো উত্তর দিতে পারিনি।’
বোর্ড সভাপতি আরও বলেন, ‘ট্রাইব্যুনাল সদস্যদের সঙ্গে সর্বশেষ যখন আমার কথা হয়েছে, তাঁরা বলেছিলেন এ মাসের শেষ নাগাদ পূর্ণাঙ্গ রায় দেবেন । এ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় না পেলে আমি বিষয়টা জানতে চেয়ে ট্রাইব্যুনালকে চিঠি দেব।’ বিসিবি থেকে এখনো সে রকম কোনো চিঠি যায়নি বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। তবে ট্রাইব্যুনালের প্রধান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম কাল টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন, ‘বিষয়টি স্পর্শকাতর। আমরা খুব তাড়াতাড়িই বিস্তারিত কারণসহ রায় দিয়ে দেব।’
জানা গেছে, কারণসহ বিস্তারিত রায় প্রদানের প্রক্রিয়া প্রায় শেষের পথে। এখন মূলত রায় লেখার কাজ চলছে। বাংলাদেশে এটি এ ধরনের প্রথম মামলা বলে বিস্তারিত রায়ে চুলচেরা সব বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন ট্রাইব্যুনাল।
কারণসহ বিস্তারিত রায় দেওয়ার পর যাঁদের শাস্তি হবে, তাঁদের আরও একবার শুনানিতে ডাকা হবে। এরপর সপ্তাহ খানেকের মধ্যে ঘোষণা হওয়ার কথা কার কী শাস্তি। ট্রাইব্যুনাল শাস্তি ঘোষণার পর দোষীদের মতো বিসিবি আর আইসিসিও পারবে সে রায়ের বিরুদ্ধে আপিল করতে।