দ্রুতই মাঠে ফিরবেন যুবি!
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এবার জিজ্ঞাসা, কবে মাঠে ফিরবেন যুবরাজ সিং? চিকিৎসকেরা সুখবরই দিচ্ছেন। ভারতীয় অলরাউন্ডার কয়েক মাসের মধ্যেই সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন ডা. নীতেশ রোহাতগি।যুবরাজের চিকিৎসক দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোহাতগির। শুরু থেকেই আশ্বস্ত করে এসেছেন, একেবারেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে বলে যুবরাজের ক্যানসার ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি। চিকিৎসকের আশ্বাস সত্যি প্রমাণ করে তিনটি কোমোথেরাপি নিয়েই সুস্থ হয়ে উঠছেন যুবরাজ। অবশ্য আরও কিছুদিন যুক্তরাষ্ট্রেই থাকতে হবে। ভারতে ফিরবেন এপ্রিলের মাঝামাঝি।তাঁর শরীরে আবারও টিউমার ফিরে আসার আশঙ্কাও আর নেই বলে আশাবাদী রোহাতগি, ‘এ ধরনের টিউমারের জন্য যেমন চিকিৎসা দরকার, সেটার সবচেয়ে ভালো মানের চিকিৎসাই তাঁর হয়েছে। তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এর পর তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে। আমরা সতর্কতার সঙ্গে আশাবাদী, এটা আর ফিরে আসবে না।’গত জানুয়ারিতে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন যুবরাজ। দিল্লির ম্যাক্স ক্যানসার সেন্টারের বিশেষজ্ঞ রোহাতগির পাশাপাশি তাঁর চিকিৎসা করেছেন লরেন্স আইনহর্ন। আইনহর্ন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের চিকিৎসা দলের প্রধান ছিলেন। যুবরাজ কবে পূর্ণ ফিটনেস ফিরে পাবেন—এমন প্রশ্নের জবাবে রোহাতগি বলেছেন, ‘এটা অনেক কিছুর ওপর নির্ভর করে।’ ওয়েবসাইট।