দ্রুততম দেড় শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে দেড় শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আবদুর রাজ্জাক। সেটি ১০৮তম ম্যাচে, দ্রুততম দেড় শ উইকেটের তালিকায় বাংলাদেশের বাঁহাতি স্পিনারের নামটি ১৯ নম্বরে। এক নম্বরে অবশ্য এক স্পিনারেরই নাম—সাকলায়েন মুশতাক। ১৯৯৮ সালে ঢাকায় ইনডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় ফাইনালে ১৫০তম উইকেট পেয়েছিলেন ৭৮তম ম্যাচে। দেড় শ ছুঁতে সাকলায়েনের চেয়ে চার ম্যাচ বেশি লেগেছিল অস্ট্রেলিয়ান গতিতারকা ব্রেট লির। ৮৯ ম্যাচে দেড় শ হয়েছে অ্যালান ডোনাল্ডের, পাকিস্তানি দুই ফাস্ট বোলার ওয়াকার ইউনুস ও শোয়েব আখতারের লেগেছে ৯১ ম্যাচ। সময়ের হিসেবেও দেড় শ ছোঁয়ার রেকর্ড ‘দুসরা’র জনক সাকলায়েনের, সময় লেগেছিল মাত্র দুই বছর ১০৯ দিন। ৪ বছর ৪২ দিনে দেড় শ ছুঁয়ে সময়ের হিসাবেও দুইয়ে লি।