প্রিমিয়ার ফুটবল লিগে পাঁচ দিনের বিরতি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন শুধুই অ্যাথলেটদের আসা–যাওয়া। ট্র্যাকের সব লেনে চলছে রঙের কাজ। কদিন আগে ছেঁড়া অ্যাথলেটিকস ট্র্যাক জোড়াতালি দিয়ে সংস্কার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। শেষ মুহূর্তে সেটির ঘষামাজায় ব্যস্ত ফেডারেশনের কর্তারা। আগামীকাল এখানেই শুরু ৪০তম জাতীয় অ্যাথলেটিকস।
তিন দিনের মিটে পুরুষ ও মহিলা বিভাগে ৩৬টি ইভেন্টে অংশ নেবেন প্রায় ছয় শ অ্যাথলেট। গত কয়েকটি মিটের মতো এটিও হবে হ্যান্ড টাইমিংয়ে। ইলেকট্রনিক স্কোরবোর্ড এবারও মেরামত করা হয়নি। তবে এবার প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা বদলে গেছে। নতুন পৃষ্ঠপোষক বেসরকারি সংস্থা জয়যাত্রা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির কল্যাণে এই প্রথম জাতীয় প্রতিযোগিতায় দ্রুততম মানব ও মানবী ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার পাবেন। এত দিন শুধু পদক পাওয়াই ছিল তাঁদের সান্ত্বনা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের অাশা, এই জাতীয় মিট থেকে নতুন অ্যাথলেট উঠে আসবে।