দ্রুততম মানব সেহান, মানবী নাসিম
দৌড় শেষ করেও কিছু দূর এগিয়ে গেলেন ভারসাম্য রাখতে। এর মধ্যেই কেউ একজন গিয়ে গায়ে জড়িয়ে দিলেন শ্রীলঙ্কার একটা পতাকা। সেহান সিয়ারুয়ান আবেপ দু হাত উঁচু করে বিজয়-চিহ্ন আঁকলেন বাতাসে। তারপর ধীরস্থিরভাবে ট্র্যাক ছাড়লেন। একটু আগে যে ১০০ মিটার স্প্রিন্ট জিতলেন, দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হলেন; সেটা যেন কোনো ব্যাপারই নয়! সবকিছুই যেন হয়েছে আগে থেকে লিখে রাখা কোনো চিত্রনাট্য মেনে!মেয়েটার বেলায় হলো ঠিক এর উল্টো। দৌড় শেষ, তবু চঞ্চল হরিণীর মতো দৌড়ে যাচ্ছেন তিনি। কোচ-সতীর্থ যাঁকেই সামনে পাচ্ছেন জড়িয়ে ধরছেন, আনন্দে চিত্কার করছেন। দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবী হওয়ার আনন্দে ভাসতেই থাকলেন পাকিস্তানের নাসিম হামিদ। দুজনের যা বয়স, তাতে হওয়ার কথা ছিল এর উল্টোটাই। কলম্বোর গেটওয়ে কলেছের ছাত্র কুড়ি বছর বয়সী সেহান মাত্রই ‘এ’ লেভেল শেষ করে এসএ গেমসে অংশ নিতে এসেছেন। নাসিম তাঁর চেয়ে তিন বছরের বড়। চাকরি করেন পাকিস্তান সেনাবাহিনীতে। তার পরও দুজনের উদযাপনে এমন বৈপরীত্য! কারণ একটাই—ছোট্ট ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছেন কলম্বোর ছেলে সেহান। জাতীয় চ্যাম্পিয়নশিপ, জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপসহ পদক জিতেছেন দু-একটি জুনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও। আর করাচির মেয়ে নাসিমের জন্য প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা এটাই। মেয়েদের ১০০ ও ২০০ মিটারে পাকিস্তানের জাতীয় চ্যাম্পিয়ন সাদাফ সিদ্দিকী চোট পেয়ে বাইরে না চলে গেলে ট্র্যাকেই নামা হতো না তাঁর। দৌড় শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সেহান-নাসিম তাঁদের যে স্বপ্নের কথা বললেন, পার্থক্য সেখানেও। সেহানের স্বপ্ন, একদিন অলিম্পিক গেমসের বিজয়-মঞ্চে দাঁড়াবেন। আর নাসিমের স্বপ্নের দৌড় কমনওয়েলথ গেমস পর্যন্ত। কিন্তু অলিম্পিকের বিজয়-মঞ্চে দাঁড়াতে তো দশ সেকেন্ডের নিচে দৌড়াতে হবে! ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হওয়া সেহান কি পারবেন সেটা? ধীরস্থির সেহানের চটপটে উত্তর, ‘পারব। আমরা আসলে অমন একটা পরিমণ্ডলেই বেড়ে উঠছি।’ সেহানের আদর্শ উসাইন বোল্ট। স্বপ্ন দেখেন তাঁর মতো হওয়ার, তাঁর সঙ্গে দৌড়ানোর।মৌলবাদীদের চোখ রাঙানোর কারণে স্বাধীনভাবে অনুশীলন করতে পারেন না পাকিস্তানের মেয়েরা। ইসলামাবাদের এক স্পোর্টস সেন্টারে নিভৃতে চলে নাসিমদের অনুশীলন। বাইরে বেরোন নেকাব পরে। বন্দিদশায় থাকতে থাকতে স্বপ্নটাও হয়তো চলে গেছে কোনো নেকাবের আড়ালে। তবে স্বপ্নের রানির কথা বলতে তো অসুবিধা নেই—মারিয়ন জোন্সকেই আদর্শ মানেন ১১.৮১ সেকেন্ড সময়ে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবী হওয়া নাসিম।১০০ মিটার স্প্রিন্টে যে বাংলাদেশের সম্ভাবনা নেই, এটা সবাই মেনেই নিয়েছিল। তবু মেয়েদের ১০০ মিটারে বাংলাদেশের শামসুন নাহার ১২.১৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন পঞ্চম। ছেলেদেরটায় আটের মধ্যে অষ্টম মাসুদুল করিম।সোনা বাদ দিলে মেয়েদের ১০০ মিটারে শ্রীলঙ্কারই জয়জয়কার। রুপা ও ব্রোঞ্জ দুটিই তাদের। ১১.৯৩ সেকেন্ড সময় নিয়ে প্রমিলা প্রিয়াদর্শিনী জিতেছেন রুপা। আর ব্রোঞ্জ গেছে ১২.১২ সেকেন্ড সময়ে দৌড় শেষ করা অচলা শালিকার অধিকারে। ছেলেদের ১০০ মিটারের রুপা ভারতের কুরেশি মো. আবদুল নাজিবের। তাঁর সময় লেগেছে ১০.৫৬ সেকেন্ড। আর ব্রোঞ্জ পাওয়া পাকিস্তানের লিয়াকত আলীর সময় নিয়েছেন ১০.৬৩ সেকেন্ড।