দ্রুততম মানবী ওই শেলিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ছবি: রয়টার্স
১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ছবি: রয়টার্স

উসাইন বোল্টের মতোই শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের জন্য মস্কো ছিল শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার মঞ্চ। ২০০৯ সালে যেমন ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছিলেন বোল্ট, ঠিক তেমনি মেয়েদের শিরোপাটা উঠেছিল শেলির হাতে। দুই বছর আগে দেগুতে শিরোপা হারিয়েছিলেন তাঁরা দুজনই। মস্কোয় সেই হারানো শিরোপাটা আবার তাঁরা ফিরে পেয়েছেন শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই। ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে কাল মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে নিয়েছেন জ্যামাইকান শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
বেইজিং ও লন্ডন—টানা দুটি অলিম্পিকেই দ্রুততম মানবী ছিলেন শেলি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শিরোপা জেতার দায়বদ্ধতা তাই ছিলই। শেলি নিজের কাজটা কাল রাতে সেরেছেন একটু চাপে থেকেই। পুরো ফিট ছিলেন না। পায়ে ব্যথা নিয়ে দৌড়ে শিরোপাটা জেতা যে একটু বিশেষ কিছু, সেটাই দৌড় শেষে বারবার বলেছেন তিনি, ‘পায়ে ব্যথা নিয়ে দৌড় শুরু করেছিলাম আমি। দৌড়ের সময় অন্য কারও কথা ভাবিনি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং জিতেছি।’
শেলির পেছনে দৌড় শেষ করা আইভরি কোস্টের মুরিয়েল আহুরে নিয়েছেন ১০.৯৩ সেকেন্ড সময়। তবে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যার্মেলিটা জেটার ১০.৯৪ সেকেন্ড সময় নিয়ে চলে গেছেন তৃতীয় স্থানে।

গত পরশু ১০০ মিটারে সোনা পুনরুদ্ধার করেন অলিম্পিকে ছয়টি সোনাজয়ী বোল্ট। এক দিন পর জিতলেন শেলি-অ্যান ফ্রেজার। জ্যামাইকার জন্য এটা বড় প্রাপ্তিই বলতে হবে। কারণ এই মুহূর্তে ডোপ বিতর্কে টালমাটাল দেশটি। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছেন দুই জ্যামাইকান স্প্রিন্টার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ও আসাফা পাওয়েল।

শেলি নিজেও ডোপ বিতর্কে মানসিকভাবে ভুগেছেন। ২০১০ সালে দাঁতের ব্যথার জন্য এক ওষুধ খেয়ে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন। ফলে নিষিদ্ধ ছিলেন ছয় মাস। পরে প্রমাণিত হয়, শেলির ঘটনা সত্যি ছিল না। তিনি শুধু ওষুধই নিয়েছিলেন, কোনো মাদক নয়। সেই ডোপ বিতর্ক পেছনে ফেলে দুরন্ত গতিতেই এগিয়ে চলেছেন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম দ্রুততম মানবী হিসেবে অলিম্পিকে পর পর দুবার স্বর্ণপদক জেতা শেলি। সূত্র: রয়টার্স।