দ্রুততম মানবী ডোপ-পাপী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোয় ভালোয় পার হয়েছে কমনওয়েলথ গেমসের প্রথম সাতটি দিন। কিন্তু অষ্টম দিনে এসে গেমসটা আরেকটা লজ্জা মাখল গায়ে। গতকাল গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল ঘোষণা করলেন, মেয়েদের ১০০ মিটারে সোনাজয়ী নাইজেরিয়ার ওসায়েমি ওলুদামোলা ডোপ-পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। তাঁর মূত্রনমুনায় পারফরম্যান্স-বর্ধক উপাদান মিথাইলহেক্সানিয়ামিন পাওয়া গেছে। বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডার) নিষিদ্ধ উপদানসমূহের তালিকায় এ বছরই প্রথমবারের মতো এটি যোগ হয়েছে।তবে এখনই পদক কেড়ে নেওয়া হচ্ছে না ওলুদামোলার। দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত নাইজেরিয়ান অ্যাথলেট পদকটা নিজের কাছেই রাখতে পারবেন। গত বৃহস্পতিবার গেমসের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েও ফলস স্টার্টের কারণে অস্ট্রেলিয়ার শেলি পিয়ারসন অযোগ্য ঘোষিত হলে সোনা জেতেন ওলুদামোলা। তাঁর হাতছাড়া হতে যাওয়া সোনাটি পাবেন এই ইভেন্টে তৃতীয় হয়ে দৌড় শেষ করা সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনেডার নাতাশা মেয়ার্স।ওলুদামোলার পজিটিভ হওয়ার ঘটনা নাইজেরিয়ার কাছে একটা বড় বিস্ময় হয়েই এসেছে। দেশটির অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে ওলুদামোলা ড্রাগ নিয়েছেন এটা তাঁরা বিশ্বাস করেন না। তাঁকে উদ্ধৃত করে নাইজেরিয়ার এক পত্রিকা লিখেছে, ‘দাঁতের ব্যথা কমানোর জন্য সে ওষুধ খেয়েছিল। আমাদের আশঙ্কা, ওই ওষুধের কারণেই ডোপ টেস্টে ধরা পড়েছে ও।’নাইজেরিয়া থেকে অ্যাথলেটদের মূত্রনমুনা পরীক্ষা করেই দিল্লিতে পাঠানো হয়েছে নাইজেরিয়ান অ্যাথলেটদের। তবে কয়েকজন পরে যোগ দিয়েছেন কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে। ওলুদামোলা তাঁদেরই একজন। দিল্লিতে সোনা জেতার আগেই সম্ভাবনাময় অ্যাথলেট হিসেবে আলোচনায় আসেন ওলুদামোলা। ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালিস্ট এই অ্যাথলেট সেমিফাইনালে উঠেছিলেন বেইজিং অলিম্পিকে।দিল্লি গেমসে পরশু পর্যন্ত আসা ডোপ টেস্টের ৭০০ ফলাফলের মধ্যে পজিটিভ হয়েছেন শুধু ওলুদামোলাই। এএফপি, ওয়েবসাইট।