ভারতের বিপক্ষে শেষ টেস্টে শচীন টেন্ডুলকারকে আউট করে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন লাসিথ মালিঙ্গা। কাল নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে আউট করে ওয়ানডেতেও উইকেটের সেঞ্চুরি করে ফেললেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার। শুধু সেঞ্চুরি নয়, দ্রুততম সেঞ্চুরি। ৬৮ ম্যাচে ১০০ উইকেট হলো মালিঙ্গার, ৭৫ ম্যাচে ১০০ উইকেট পেয়ে শ্রীলঙ্কার আগের রেকর্ডটি ছিল ফারভিজ মাহারুফের। ৭৬ ম্যাচে শততম উইকেট পেয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। দেশের রেকর্ড ভাঙতে পারলেও অবশ্য বিশ্ব রেকর্ডের ধারেকাছেও নেই মালিঙ্গা। ১৩ বছর আগে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন সাকলায়েন মুশতাক। ৫৩ ম্যাচ খেলেই উইকেটের সেঞ্চুরি কলেছিলেন ‘দুসরা’র জনক। খুব কাছে গিয়েও সাকলায়েনের রেকর্ড ভাঙতে পারেননি শেন বন্ড, কিউই ফাস্ট বোলারের লেগেছিল ৫৪ ম্যাচ। বন্ডের সমসাময়িক আরেক ফাস্ট বোলার ব্রেট লি শততম উইকেট পেয়েছিলেন ৫৫ ম্যাচে।