দ্রুততম সাঁতারু মাহফিজুর ও সবুরা
পুলের ডেকে চেয়ার পেতে বসে সাঁতার দেখছিলেন পার্ক তে গুন। একটা ইভেন্ট শেষ হয় হয়। হঠাৎ উত্তেজিত পার্ক ছুটে গেলেন এক কর্মকর্তার দিকে, ‘গিভ মাই এক শ তাকা।’ বিষয় কী? হঠাৎ কোরিয়ান সাঁতার কোচ ১০০ টাকার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কেন? কোচ হেসে বললেন, রুবেল রানার পক্ষে বাজি ধরেছিলেন। শুধু রুবেলের নয়, জাতীয় সাঁতারের প্রথম দিনটা ছিল বাংলাদেশে পুরোনো দুই সাঁতারু রুবেল রানা ও সবুরা খাতুনের। বছর দশেক আগে সিনিয়র পর্যায়ে সাঁতার শুরু করা রুবেল ও সবুরা কাল রিলেসহ সর্বোচ্চ তিনটি করে সোনা জিতলেন। দুটো সোনা জিতেছেন সোনিয়া আক্তারও। পদকসংখ্যায় রুবেল আলোচনায় আসছেন, কিন্তু একটা সোনা জিতেই সবুরার সঙ্গে আলোচনায় মাহফিজুর রহমান। কারণ পুরো প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ৫০ মিটার ফ্রি-স্টাইলের সোনা জিতলেন মাহফিজুর ও সবুরা। তাই সব মিলিয়ে বলা যায়, ২৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনের ‘তারকা’ রুবেল, সবুরা ও মাহফিজুর। সবুরা ও মাহফিজুর, দুজনেই ৫০ মিটার ফ্রি-স্টাইলে নতুন জাতীয় রেকর্ড করেছেন।গত কয়েকটি জাতীয় সাঁতারে সমান দাপট দেখাতে থাকা ‘সাগর’ নামে পরিচিত মাহফিজুরের জন্য ৫০ মিটার ফ্রি-স্টাইল জয়টা বিশেষ কোনো খবর নয়। বরং বিকেএসপির সাবেক এই ছাত্র অপেক্ষা করছে, আরও কয়েকটি সোনার জন্য।গর্বিত বাবার পাশে দাঁড়িয়ে মাহফিজুর বলছিলেন, ‘গতবার জাতীয় সাঁতার হলে আটটা জাতীয় রেকর্ড করে ফেলতাম। এবার আশা করি, সেটা করতে পারব।’ মাহফিজুর শেষ পর্যন্ত কতগুলো জাতীয় রেকর্ড করতে পারবেন, সেটা সময় বলবে। তবে কাল এক দিনে ১০ ইভেন্টের ৭টিতেই জাতীয় রেকর্ড হয়েছে।মনিরুল ইসলামের ২০০৪ সালে গড়া ৫০ মিটার ফ্রি-স্টাইলের রেকর্ড (২৪.৮৫ সেকেন্ড) ভেঙে মাহফিজুর ২৪.৪৪ সেকেন্ডের নতুন রেকর্ড করেছেন। সবুরা একাই করেছেন দুটি রেকর্ড। ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২০০৭ সালে আফসানা তালুকদারের ৩০.২১ সেকেন্ডের রেকর্ড ভেঙে সবুরা সাঁতার শেষ করেছেন ২৯.৯৫ সেকেন্ডে। ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ২০০৭ সালে মাহফুজা খাতুনের ২ মিনিট ৪৯.১৪ সেকেন্ডের রেকর্ড ভেঙে সবুরা ২ মিনিট ৫২.৯৪ সেকেন্ডের নতুন রেকর্ড করেছেন।২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২০০৮ সালে জাতীয় রেকর্ড করেছিলেন সোনিয়া আক্তার। গতকাল দুটি রেকর্ডই ভাঙলেন তিনি। ২০০ মিটার বাটারফ্লাই শেষ করেছেন ২ মিনিট ৪৬.৯৮ সেকেন্ডে। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন রেকর্ড করেছেন ৫ মিনিট ৫৬.০২ সেকেন্ডে। দিনের বাকি দুটি রেকর্ড হয়েছে ৪–১০০ মিটার রিলেতে। নিজেদেরই আগের রেকর্ড ভেঙে বাংলাদেশ নৌবাহিনী দলের জুয়েল, রুবেল, নজরুল ও শরিফুল ৩ মিনিট ৪৩.৭২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করেছেন। বিকেএসপির ২০০৭ সালের রেকর্ড ভেঙে এবার আনসারের দল ৪ মিনিট ৩৭.৬৮ সেকেন্ডে নতুন রেকর্ড করেছে মেয়েদের ৪–১০০ মিটার রিলেতে।দলগতভাবে দিনের সফলতম দল বাংলাদেশ আনসার। ৫টি সোনাসহ ৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে তারা। ৩টি সোনাসহ ৭টি পদক নিয়ে দ্বিতীয় নৌবাহিনী, ১টি সোনাসহ ৬টি পদক নিয়ে তৃতীয় স্থানে সেনাবাহিনী। একটি সোনা জিতেছে বিকেএসপিও। এই জয়-পরাজয়ের মধ্যে দিনভর আলোচনায় রইলেন সবুরা। ২০০৭ সালে ৮টি সোনা জেতা সবুরা মাঝে হারিয়েই যেতে বসেছিলেন। সেখান থেকে ফিরে প্রথম দিনে তিনটি নতুন রেকর্ডসহ তিনটি সোনা জেতা সবুরা আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন, ‘অনেক কষ্টে ফিরে এসেছি। এবার দেখবেন ৮টারও বেশি সোনা জিতব।’এবারের জাতীয় সাঁতার কি তাহলে সবুরার হবে?সোনা জিতলেন যাঁরাপুরুষ: অনিক ইসলাম (২০০ মিটার বাটারফ্লাই), রুবেল রানা (২০০ মিটার ব্যাক স্ট্রোক ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে), মাহফিজুর রহমান (৫০ মিটার ফ্রি-স্টাইল), জুয়েল-রুবেল-নজরুল-শরিফুল (৪–১০০ মিটার ফ্রি-স্টাইল রিলে)।মহিলা: সোনিয়া আক্তার (২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে), সবুরা খাতুন (২০০ মিটার ব্যাক স্ট্রোক ও ৫০ মিটার ফ্রি-স্টাইল), ডলি-সবুরা-সোনিয়া-লাবণী (৪–১০০ মিটার ফ্রি-স্টাইল)।