দ্রুততম সেঞ্চুরির দিনে ‘গোল্ডেন ডাক’
লক্ষ্য ১৪০ রান। অথচ ৯১ রানেই পাঁচ উইকেট নেই। দলের এই চরম ব্যাটিং ব্যর্থতার পরও আশায় বুক বেঁধেছিলেন পাকিস্তানি সমর্থকেরা। কারণ, তখনো মাঠে নামেননি শহীদ আফ্রিদি। সেই আফ্রিদি মাঠে নামলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের ছিটকে পড়া ঠেকাতে পারলেন না। বোল্ড হলেন প্রথম বলেই। আফ্রিদির আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।বাজে শট খেলে প্রথম বলেই আফ্রিদি আউট। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘গোল্ডেন ডাক’। অথচ গতকাল ৪ অক্টোবর তারিখটা আফ্রিদির কাছে তো বটেই, ক্রিকেটের ইতিহাসের এক স্মরণীয় দিন। নাইরোবিতে ঠিক ১৬ বছর আগে এই দিনেই ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির (৩৭ বলে ১০২ রান) ইতিহাস গড়েছিলেন আফ্রিদি। প্রতিপক্ষও ছিল এই শ্রীলঙ্কাই। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক এবার শোচনীয় ব্যর্থ। পাঁচ ইনিংসে সংগ্রহ মাত্র ৩০ রান, সর্বোচ্চ ১৪। দুই শূন্যের দ্বিতীয়টি কাল প্রথম বলেই বোল্ড হয়ে। ব্যর্থতা বল হাতেও। ছয় ম্যাচে তাঁর শিকার মাত্র চার উইকেট। এর পরও আফ্রিদিকেই সমর্থন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ হাফিজের। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, ‘আফ্রিদি ম্যাচ উইনার। ওর সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি মনে করি, এই মুহূর্তে ও খুব বাজে ফর্মে আছে। গোটা প্রতিযোগিতায় আফ্রিদি কঠোর পরিশ্রম করেছে। দুর্ভাগ্যবশত ও তেমন সফলতা পায়নি।’ রয়টার্স।