২১ জুলাই, ২০০৫, লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আঙিনায় পা রেখেছিলেন কেভিন পিটারসেন। ঠিক ৪ বছর ৮ মাসের মাথায় কাল ছ্ুঁয়ে ফেললেন ৫ হাজার রানের মাইলফলক। অভিষেকের পর এত দ্রুত এই কীর্তি টেস্ট ইতিহাসে আর নেই। প্রায় প্রতিবছরই ইংল্যান্ডের ১২-১৩টি টেস্ট খেলা অবশ্য সাহায্য করেছে পিটারসেনকে। এ জন্যই রেকর্ডে আগের দুটি নামও ছিল ইংলিশ। ৫ বছর ৮ দিন সময় লেগেছিল মার্কাস ট্রেসকোথিকের, ইংল্যান্ডের ‘আসল’ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের ৫ বছর ৫৭ দিন। ৪ বছর ৮ মাসে ৬০টি টেস্ট খেলেছেন পিটারসেন, ইনিংস ১০৭টি। ৬৪ টেস্ট লেগেছিল ট্রেসকোথিক-স্ট্রাউসের। সবচেয়ে কম টেস্ট ও ইনিংসে ৫ হাজার রানের রেকর্ড ডন ব্রাডম্যানের। ক্রিকেটে অসংখ্য অবিশ্বাস্য কীর্তি গড়া ব্রাডম্যান ৫ হাজার ছুঁয়েছিলেন ৩৬ টেস্ট আর ৫৬ ইনিংসে, ৫২ টেস্টের কমে করতে পারেননি আর কেউ। তবে এই ৩৬ টেস্ট খেলতে স্যার ডনের লেগেছিল প্রায় ১০ বছর!