দ্রোণাচার্যের মুখোমুখি অর্জুন

একজন ফুটবলযুদ্ধের কৌশল-গুরু। অন্যজন ছিলেন তাঁর প্রিয় শিষ্য। যেন দ্রোণাচার্য আর অর্জুন। কিন্তু সবকিছু ছাপিয়ে তাঁরা ছিলেন খুব ভালো বন্ধুও।
হোসে মরিনহো আর আন্দ্রে ভিলাস-বোয়াস। পোর্তো, চেলসি আর ইন্টার মিলানে দুই ফুটবল-মস্তিষ্কের প্রায় সাত বছরের জুটি। এরপর ‘দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে...।’ এতটাই যে, হোয়াইট হার্ট লেনে আজ ‘দ্রোণাচার্য’ মরিনহোর চেলসির মুখোমুখি হওয়ার আগে রীতিমতো বাক্যবাণ ছুড়ছেন ‘অর্জুন’ টটেনহাম কোচ ভিলাস-বোয়াস! ‘গুরু-মারা বিদ্যা’ কি একেই বলে?
একে তো লন্ডনের পশ্চিম আর উত্তরের দুই ক্লাবের দ্বৈরথ। তার ওপর একসময়ের ‘মানিকজোড়’ পেশাদার জীবনের বাস্তবতায় আজ প্রথমবারের মতো প্রতিপক্ষ। গোল, পাস, আক্রমণ-পাল্টা আক্রমণ এসব তো মাঠের লড়াইয়ে দেখা যাবেই। কিন্তু এর বাইরে ‘বন্ধু থেকে শত্রু’ দুই কোচের যে মনস্তাত্ত্বিক লড়াই, হোয়াইট হার্ট লেনে আজ বাড়তি আকর্ষণ সেটাই।
আজকের ম্যাচে প্রতিপক্ষ বলেই চিরশত্রু হয়ে গেছেন, ঠিক এ কথা বলা যাবে না। তবে দুজনের বন্ধুত্ব যে আগের মতো নেই, সেটা নিজের মুখেই স্বীকার করেছেন ভিলাস-বোয়াস, ‘আমাদের মধ্যে দারুণ পেশাদারি ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে আগের মতোই। কিন্তু বোঝাপড়াটা আর আগের মতো নেই।’
কেন নেই, সেটা এক দশক ধরে যাঁরা এই দুজনকে দেখে আসছেন, তাঁদের কিছুটা জানাই আছে। ১৯৯৪ সালে স্যার ববি রবসন যখন পোর্তোর দায়িত্ব নেন, মরিনহো তখন ইংলিশ কোচের দোভাষী। ভিলাস-বোয়াস তখন কিশোর। পোর্তোয় রবসন যে বাসায় থাকতেন, তার কাছাকাছি থাকতেন তিনিও। ভিলাস-বোয়াসের দারুণ ফুটবল-মস্তিষ্কের প্রমাণ পেয়ে রবসন নিজ উদ্যোগেই তাঁকে পেশাদার কোচিং কোর্সে পাঠালেন ইংল্যান্ডে। সেখান থেকে সনদ নিয়ে পুরোদস্তুর কোচ হয়ে ভিলাস-বোয়াস যখন পর্তুগালে ফিরলেন, তত দিনে ঠিকানা বদল হয়ে গেছে রবসনের। পোর্তোর দায়িত্ব তখন মরিনহোর কাঁধে। তিনি সানন্দেই ভিলাস-বোয়াসকে নিয়ে নিলেন নিজের সহকারী হিসেবে। সেটা ২০০২ সালের কথা। পরের সাত বছর এই জুটির পোর্তো, চেলসি আর ইন্টার মিলানে ঈর্ষণীয় সাফল্য। সহকারীর এতটাই গুণমুগ্ধ হয়ে গিয়েছিলেন মরিনহো, অনেকবারই প্রকাশ্যে বলেছেন, ‘সে-ই (বোয়াস) আমার চোখ-কান।’
তবে সহকারী হলেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করার ইচ্ছা সব সময়ই ছিল ভিলাস-বোয়াসের। তিনি চাইতেন আরও বড় কোনো দায়িত্ব। মরিনহোর সঙ্গে থেকে সেটা আর সম্ভব হচ্ছিল না। ২০০৯ সালে মরিনহো ইন্টার মিলানের কোচ থাকার সময় তাই দুজনের বিচ্ছেদ। মরিনহোকে ছেড়ে গেলেন ভিলাস-বোয়াস, কিন্তু হাঁটলেন মরিনহোর দেখানো পথেই। পেলেন মরিনহোর সাবেক ক্লাব পোর্তোর কোচের দায়িত্ব, তারপর চেলসির।
দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রথম ফাটল ধরে ২০১১ সালে পোর্তোর হয়ে ভিলাস-বোয়াস ইউরোপা লিগ জেতার পর। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিলাস-বোয়াস বললেন, কোচিংয়ে তাঁর সব সময়ের প্রেরণা নাকি পেপ গার্দিওলা। তারপর ববি রবসন। মরিনহোর নামটাও এল, তবে অনেক পরে এবং প্রেরণা হিসেবে নয়। শুধু একসময় কাজ করার সুযোগ দিয়েছিলেন বলে কৃতজ্ঞতায়।
গার্দিওলা তখন বার্সেলোনার কোচ। সে সময় রিয়াল মাদ্রিদের কোচ মরিনহোর মহাপ্রতিদ্বন্দ্বী। সাবেক সহকারীর মুখে এমন ‘অপমান’ হয়তো মেনে নিতে পারেননি মরিনহো। ভুলে যাওয়ার লোক যে তিনি নন, সেটা বোঝা গেছে কিছুদিন আগেই। সদ্য শেষ হওয়া দলবদলে টটেনহাম কিনতে চেয়েছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানকে। হোয়াইট হার্ট লেনে গিয়ে ডাক্তারি পরীক্ষাও সেরে ফেলেছিলেন উইলিয়ান। কিন্তু টটেনহামের কাছ থেকে তাঁকে ছিনিয়ে স্টামফোর্ড ব্রিজে নিয়ে গেছেন মরিনহো। টটেনহাম বলল, এটা স্রেফ ডাকাতি।
এসব কারণে মরিনহোর ওপর খুব খ্যাপা ভিলাস-বোয়াসও। পরশু টটেনহামের অনুশীলনের পর জানতে চাওয়া হয়েছিল সাবেক ‘বস’কে প্রতিপক্ষ হিসেবে পেয়ে তাঁর অনুভূতি। টটেনহাম কোচের কথা শুনেই বোঝা গেল সম্পর্কের টানাপোড়েনটা, ‘আমাদের দুজনের কথা হয় না অনেক দিন। প্রিমিয়ার লিগে কোচদের সভায় শেষ কথা হয়েছিল, তারপর আর নয়। আমার কাছে ওর কোনো ফোন নম্বরও নেই।’
দুজনের এখনকার সম্পর্ক নিয়ে কথা বলতে রাজি হননি হোসে মরিনহো। তবে ব্যক্তিগত বিষয় সংবাদমাধ্যমে নিয়ে আসার জন্য স্বভাবসুলভ ভঙ্গিতে সাবেক সহকারীকে খোঁচা দিতে ভোলেননি তিনি, ‘এটা সম্পর্কের বিষয়, যা আমি সংবাদমাধ্যমে আলোচনা করি না। আমিও চ্যাম্পিয়নস লিগে লুই ফন গলের মুখোমুখি হয়েছি, যিনি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং আমাকে অনেক সাহায্য করেছেন। কিন্তু আমি সেখানে পেশাদার আচরণ করেছি। আমার মনে হয়, এটাই করা উচিত।’
ভিলাস-বোয়াসকে তো অনেক কিছুই শিখিয়েছিলেন মরিনহো। ‘পেশাদারিত্ব’টা কি ছিল না সেই সিলেবাসে? ওয়েবসাইট।