ধনে সেরা 'মানি'

তাঁর ডাকনাম ‘মানি’। শুয়ে থাকেন ‘টাকার বিছানায়’। ক্যাসিনো কিংবা খেলার মাঠ—যেখানেই যান বাজি ধরেন কাঁড়ি কাঁড়ি ডলার। অন্তর্বাস, মোজা, জুতো—একবার ছাড়া দুবার ব্যবহার করেন না। নিজের জন্য তো বটেই, তাঁর দেহরক্ষীদের জন্যও আছে আলাদা ব্যক্তিগত বিমান। তিনি ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। তাঁর বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলার। অর্থবিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বস-এর এ বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ অ্যাথলেটের তালিকায়ও শীর্ষে মার্কিন এই বক্সার। এ নিয়ে গত চার বছরে তিনবারই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হলেন মেওয়েদার।
গত বছরের ১ জুন থেকে এ বছরের ১ জুন পর্যন্ত মেওয়েদারের ৩০ কোটি ডলার আয়ের ২৮ কোটি ৫০ লাখ ডলারই বক্সিংয়ের অবদান। বাকি ১ কোটি ৫০ লাখ ডলার এসেছে এনডোর্সমেন্ট থেকে। ধনী ক্রীড়াবিদদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’তে মেওয়েদারের কাছে পরাজিত ফিলিপিনো বক্সার ম্যানি প্যাকিয়াও। পরের দুটি স্থানে বিশ্ব ফুটবলের দুই সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। পাঁচে টেনিসের রজার ফেদেরার। তালিকার সেরা পঁচিশে ক্রিকেটার একজনই—মহেন্দ্র সিং ধোনি। ৩ কোটি ১০ লাখ আয় নিয়ে ফুটবলার নেইমারের সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে ভারতের ওয়ানডে অধিনায়ক। অনেক দিন শীর্ষস্থানে থাকা গলফার টাইগার উডসের অবস্থান নয়ে। দশে বাস্কেটবলের কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। ফোর্বস।