ধন্যবাদ পাবে টাঙ্গাইলের দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিলার মতো অনেকটা উঁচু জায়গা। মাটি খোঁড়ার পর এই চেহারা নিয়েছে। নতুন গ্যালারি তৈরির কাজ চলছে মাঠের অর্ধেকটায়। টাঙ্গাইল স্টেডিয়ামে ঢুকলেই মনে হবে বিশাল এক ভাঙা হাট!মাঠের এক পাশে পুরোনো একতলা গ্যালারি। বিজেএমসি-শেখ জামাল ১-১ ড্র ম্যাচে খাঁ খাঁ শূন্যই পড়ে থাকল তা গতকাল। বাকি অংশে গ্যালারি তৈরির কাজ চলছে বলে ইট-বালু-পাথরের স্তূপ। এক পাশে ড্রেন করা হচ্ছে। তার জন্য মাঠি খোঁড়া হয়েছে ফুট তিনেক। সেটি পেরিয়ে লাফ দিয়ে ঢুকতে হয় মাঠে। পড়ে গেলে হাড়গোড় ভাঙবে!এক পাশে দুই দলের তাঁবু করা হয়েছে ত্রিপল টানিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, যেন ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্টের ফাইনাল চলছে! মাঠে দাঁড়িয়ে খেলা দেখছে কয়েক শ দর্শক। অথচ গ্যালারি খালি। গোটা স্টেডিয়ামই অরক্ষিত। কে আর গরমে তপ্ত গ্যালারিতে বসতে যায়! এই অসহনীয় গরম সুস্বাদু চমচমেও রুচি আনে না। তার ওপর জেতা ম্যাচ ড্র—স্বাগতিক বিজেএমসির মন খুব খারাপই থাকল। ইসমাইল বাঙ্গুরার গোলে এগিয়ে যাওয়া বিজেএমসি রক্ষণ-ভুলের মূল্য দিয়ে পয়েন্ট হারিয়েছে। কেস্টার আকনের গোল শেখ জামালকে ড্র ম্যাচে এনে দিয়েছে ‘জয়ের আনন্দ’ই। তবে গোলরক্ষক আমিনুল দুটি অসাধারণ সেভ না করলে টাঙ্গাইল থেকে খালি হাতেই ফিরতে হতো চ্যাম্পিয়নদের।দুই দলের একটা জায়গায় অবশ্য সমান স্বস্তি। ভাগ্যিস, কোনো অঘটন ঘটেনি! নিরাপত্তা বলে কিছুই ছিল না মাঠে। তাই ‘শোকর আলহামদুলিল্লাহ’ বলে দুই দলই কাল রাতেই ছাড়ল টাঙ্গাইল। দাঁড়ান, এখানেই শেষ নয়। নাটকের সবে শুরু! রাত সাড়ে নয়টা অব্দি ব্যতিব্যস্ত হয়ে স্থানীয় সংগঠকদের সঙ্গে মিটিং করতে ছুটলেন বিজেএমসির ম্যানেজার ও বাফুফের সহসভাপতি আরিফ খান জয়। স্থানীয়দের সহযোগিতা পাচ্ছেন না বলে ভেন্যু বাতিল করার সিদ্ধান্ত দুপুরে নিয়েই ফেলেছিলেন!কিন্তু পারলেন না। কৃতিত্ব অবশ্যই দর্শকদের। ম্যাড়মেড়ে ড্র ম্যাচ শেষে মাঠে ঢুকে পড়ল হাজারের বেশি দর্শক। বেশির ভাগই তরুণ। আছেন অনেক মহিলাও। এঁদের অনেকে শেখ জামাল গোলরক্ষক আমিনুলসহ আরও কয়েকজনের সঙ্গে ছবিও তুললেন মুঠোফোনে। এই দর্শকাগ্রহ দেখে তখনই বিজেএমসির কর্তা আরিফ খান (জয়) জানালেন, ‘ভেন্যুটা আপাতত বাতিল করছি না।’ রাতে বললেন, ‘ভেন্যু রাখার সব ব্যবস্থা করে যাচ্ছি।’ওদিকে স্থানীয় ডিএফএর সাধারণ সম্পাদক মইনুল হোসেনের দাবি, গতকালের ম্যাচটার কথা নাকি তাদের জানানো হয়েছিল খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে। তড়িঘড়ি করে মাঠ সংস্কার করে ম্যাচ চালানো হয়েছে। কী বলবেন বাফুফের কর্তারা? তাঁরা তো আসার প্রয়োজনই বোধ করেন না!কোনো ব্যানার-ফেস্টুন নেই। মাঠের ভেতরে গ্রামীণফোনের দু-তিনটি বিলবোর্ডই সার। স্থানীয় টিভি কেবলে প্রচারণা দেখে কিছু মানুষ এসেছে। পত্রিকায় দেখে ২০ কিলোমিটার দূরের দেলদুয়ার থেকে এসেছেন তরুণ তপন কুমার। আরও দূরের ধনবাড়ি থেকে আনসার আলী। তাঁদের ক্ষোভ, খেলা কবে আগে থেকে তা কেউ জানে না।টাঙ্গাইলের মাঠটা খারাপ নয়, সবুজ। তবে অসমতল। পানি দেওয়া হয় না। খটখটে। মাঠের মধ্যে দেখা গেল প্রচুর বাদামের খোসা। পরে এগুলো পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ এখানে সবই হয় শেষ মুহূর্তে।স্থানীয় সাংবাদিকেরা জানালেন, এখানকার সংগঠকদের গা-ছাড়া মনোভাবই অব্যবস্থাপনার জন্য দায়ী। ডিএফএ অনেক কিছুরই খোঁজ রাখে না। তবে স্থানীয়দের অভিযোগ বাফুফে ও বিজেএসমির ওপর। এই অভিযোগ পাল্টা-অভিযোগের খেলাই কাল দিনভর দেখা গেল টাঙ্গাইল স্টেডিয়ামে!