ধবল ধোলাই অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি হূত সম্মান পুনরুদ্ধারও ছিল লক্ষ্য। একটা জয় নিয়ে সিরিজটা শেষ করার জন্য ব্যাকুল হয়ে ছিল অসিরা। কিন্তু শেষ পর্যন্ত ন্যাটওয়েস্ট সিরিজের শেষ ওয়ানডেতে সঙ্গী হলো তাদের আরও একটি পরাজয়। ওল্ড-ট্র্যাফোর্ডে পঞ্চম ওয়ানডেতে কাল ইংল্যান্ডের জয় ৭ উইকেটে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজের ফলটা দাঁড়াল ৪-০। এটি এমন একটি সিরিজ, যা খুব তাড়াতাড়ি বিস্মৃত হতে চাইবে অস্ট্রেলিয়া। কারণ, শেষবার দলটি কবে কোনো সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে, তা বোধকরি মনে নেই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেরই।বৃষ্টির হানায় কাল খেলাটি শুরু হয় বেশ দেরিতেই। দিবা-রাত্রির এই ম্যাচ শেষ পর্যন্ত কেটে-কুটে ৩২ ওভারে। টসে জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়াকে। শুরুটা ভালো হলেও হঠাত্ই এক ব্যাটিং বিপর্যয় অসিদের বেশি দূর যেতে দেয়নি। ৪৩ রানে প্রথম উইকেটের পতনের পর দলীয় সংগ্রহ ৫৫ হতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। সংগ্রহ ৭৭ হতে ৫ ও ৮৬ হতে ৬ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা ত্যাগ করে অস্ট্রেলিয়া। তবে বেইলির অপরাজিত ৪৬ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়ার সংগ্রহ শেষ পর্যন্ত ৩২ ওভারে দাঁড়ায় ৭ উইকেটে ১৪৫। বেইলি ছাড়াও ওয়ার্নারের ৩২ স্মিথের ২১ রান মান বাঁচায় অসিদের। ইংলিশদের পক্ষে ট্রেডওয়েল ও রবি বোপারা ২টি করে উইকেট দখল করেন। ফিনের সংগ্রহ ১টি উইকেট।ইংল্যান্ডের জন্য সহজ লক্ষ্যমাত্রাই ছিল এটি। কিন্তু দলীয় ৫ রানের মাথায় ইয়ান বেল ম্যাককের বলে বেইলির হাতে ধরা পড়লে তাতে বড় ধরনের ধাক্কাই লেগে যায়। জোনাথন ট্রট দলীয় ৩৪ রানে মাইকেল ক্লার্কের বলে বোল্ড হলে অজানা শঙ্কায় কেঁপে ওঠে ইংলিশ সাজঘর। এর আগে বৃষ্টি এসে অবশ্য লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়ে যায় কিছুটা। ২৯ ওভারে ১৩৮ রানের লক্ষ্যে অবশ্য বাকি সময়ে আর কোনো ভুল করেননি অ্যালিস্টার কুক ও রবি বোপারা। অ্যালিস্টার কুক শিট অ্যাংকরের ভূমিকা পালন করে ৬৯ বলে করেন সিরিজে তাঁর প্রথম ফিফটি। শেষ পর্যন্ত জয় থেকে ১২ রান দূরে থাকতে ব্যক্তিগত ৫৮ রানে তিনি স্লিপে ক্লার্কের হাতে ধরা পড়েন হিলফেনহসের বলে। রবি বোপারা বলের সঙ্গে দৌড়ে ইংল্যান্ডের ওপর চেপে বসা চাপ আলগা করেন। ৫২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই মারকুটে ব্যাটসম্যান।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ১৪৫/৭ (৩২ ওভার)বেইলি ৪৬, ওয়ার্নার ৩২, স্মিথ ২১ট্রেডওয়েল ২/২৩, বোপারা ২/৮ইংল্যান্ড ১৩৮/৩ (২৭.১ ওভার)কুক ৫৮, বোপারা ৫২ম্যাককে ১/২৭, হিলফেনহস ১/১৯, ক্লার্ক ১/১৪(ইংল্যান্ডের ইনিংস শুরু হওয়ার পর বৃষ্টি নামলে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৩৮ রান)ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী