ধবলধোলাই আতঙ্কে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গে চার দিনেই টেস্ট হেরেছে পাকিস্তান ২১১ রানে। নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েও চার দিনেই হার ৪ উইকেটে। পারফরম্যান্সে এই উন্নতির লেখচিত্র আজ সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে আশাবাদী করে তুলতে পারে পাকিস্তানকে। কিন্তু সেটা খাতা-কলমে। বাস্তবতা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অনুকূলেই।গত দুই টেস্টে পাকিস্তানের ব্যাটিংকে ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই বোলার ডেল স্টেইন এবং ভারনন ফিল্যান্ডার দুই টেস্টে নিয়েছেন ১৫ ও ১৩ উইকেট। ওয়ান্ডারার্স ও নিউল্যান্ডসের উইকেটেই যদি তাঁরা এমন ভয়ংকর থাকেন, সেঞ্চুরিয়নের উইকেটে ত্রাস ছড়াবেন আরও। কারণ সেঞ্চুরিয়নের উইকেট আরও বেশি পেস-সহায়ক। আর পাকিস্তানকে ধবলধোলাই করার লক্ষ্যে সুপারস্পোর্ট পার্কের উইকেটে যে ঘাসই বিছিয়ে রাখবে গ্রায়েম স্মিথের দল, সেটি সহজেয় অনুমেয়। কোনো রাখঢাক না করে সেটি বলেই দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কারস্টেন, ‘আমরা এমন পিচ চাই না, যেখানে বল অনেক বেশি ঘুরবে।’আগের দুই টেস্টের মতো সেঞ্চুরিয়নেও গ্রায়েম স্মিথের সামনে ‘প্রাপ্তির’ হাতছানি। জোহানেসবার্গে অধিনায়ক হিসেবে শততম টেস্টের মাইলফলক ছুঁয়েছেন। নিউল্যান্ডসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪৯ জয়ের রেকর্ড গড়েছেন। তাঁর অধীনে ২১টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিন বা ততোধিক টেস্টের সিরিজে কখনোই প্রতিপক্ষকে ধবলধোলাই করতে পারেনি স্মিথের দল। সেঞ্চুরিয়নে জিতলে সেই অপূর্ণতা ঘুচবে স্মিথের। এই মাইলফলকের হাতছানিই অনুপ্রাণিত করবে ক্যালিস-স্টেইনদের।দক্ষিণ আফ্রিকার লক্ষ্য যেখানে ধবলধোলাই করা, সেখানে প্রতিপক্ষ পাকিস্তানের লক্ষ্য ধবলধোলাই এড়ানো। আগেই হেরে বসা সিরিজের শেষ ম্যাচ জিতে ধবলধোলাই এড়াতে চায় পাকিস্তান। তাই ‘মৃত সিরিজেও’ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যেতে রাজি নন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হক, ‘আমি মনে করি, আমাদের সেরা দলটাকেই খেলানো দরকার, টেস্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী বৈঠকটা এখনো হয়নি, তবে আমার মনে হয় না কেপটাউনের চেয়ে দলে খুব পরিবর্তন আসবে।’কুঁচকির চোটের কারণে আগের টেস্টে খেলতে পারেননি জুনাইদ খান। শেষ পর্যন্ত জুনাইদ ফিরলে বাদ পড়বেন তানভীর আহমেদ। পরিবর্তন থাকছে দক্ষিণ আফ্রিকা দলেও। চোট পাওয়া মরনে মরকেলের জায়গায় দলের তৃতীয় পেসার হিসেবে খেলবেন ররি ক্লেইনভেল্ট। এএফপি, রয়টার্স।