ধবলধোলাই এড়াতে মরিয়া ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ। সূর্যের আলোও ফ্যাকাশে হলুদ। দিল্লি যে পুরো ভারতীয় ক্রিকেট দলের প্রতীক হয়ে উঠল। মহেন্দ্র সিং ধোনির দলের পেছনে-সামনে-চারপাশে এমন ব্যর্থতার কুয়াশায় ঢাকা। ধোনির দলকেও দেখাচ্ছে বড্ড বিবর্ণ!খুব বেশি আগের ঘটনা নয়। তার পরও ভারত শেষ কবে সাফল্যের হাসি হেসেছে, মনে করাই যেন কঠিন হয়ে পড়েছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হার। সিবি সিরিজ ও এশিয়া কাপে ফাইনালেই উঠতে না-পারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ। এর পর ঘরের মাঠে ২৮ বছর পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হার। ব্যর্থতার লম্বা তালিকায় এবার যোগ হয়েছে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ পরাজয়ও। কোণঠাসা ভারত এখন আরেকটি লজ্জার সামনে—ঘরের মাটিতে মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা, সর্বশেষ যেটি হয়েছিল ১৯৮৪ সালে। এই লজ্জার উদ্যত খড়্গ মাথার ওপর রেখে ভারতকে এই পরিসংখ্যানও শুনতে হচ্ছে, দিল্লি ফিরোজ শাহ কোটলায় সাত বছর আগে ভারতকে ১৫৯ রানের লজ্জায় ডুবিয়েছিল পাকিস্তান। এই ম্যাচ জিতে ৪-২-এ সিরিজও নিশ্চিত করেছিল ইনজামাম-উল-হকের দল। এ মাঠে এই একটা ওয়ানডেই খেলেছে পাকিস্তান। ফলে ইডেনের মতো দীর্ঘমেয়াদি কোনো সুসম্পর্কের খতিয়ান দেওয়া যাচ্ছে না। কিন্তু তার পরও ভারত জয় যখন তাদের হয়েই গেছে, দিল্লি জয়ও কি আর বাকি থাকে?সিরিজ হার কলকাতাতেই নিশ্চিত হয়ে গেলেও ভারতের জন্য এই ম্যাচে লড়াইয়ের তাগিদ বাড়ছে বৈ কমছে না। চিরপ্রতিদ্বন্দ্বীদের হাতে ধবলধোলাইয়ের লজ্জায় কিছুতেই পড়তে চায় না তারা। মরিয়া লড়াই-ই তাই করতে চায় ধোনির দল। কিন্তু সেই লড়াইয়ের জন্য মেরুদণ্ডে যে জোর লাগে, সেটাই তো পাওয়া যাচ্ছে না। বোলাররা তবুও লড়াই করছেন, কিন্তু সেই লড়াইটাকে বৃথা করে দিচ্ছেন ব্যাটসম্যানরা। এই দলের সবচেয়ে বড় সমস্যা ফর্মে নয়, ‘মনঃসংযোগে’। নিজের অভিজ্ঞ চোখ দিয়ে সেটাই দেখতে পাচ্ছেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক মনে করেন, ‘গত বিশ্বকাপটি জেতার পরই আসলে ওরা লক্ষ্যটা হারিয়ে ফেলে। প্রত্যেক খেলোয়াড়ই এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এই দলের প্রত্যেক খেলোয়াড়ের এখন ব্যক্তিগত কোচ, চিকিৎসক এমনকি ট্রেনারও আছে। ফলে দলের মধ্যে একটা দলগত যে চেতনা লাগে, সেটাই যেন নেই।’ভারতের টিম ম্যানেজমেন্ট পড়েছে আরেক সমস্যার দোলাচলে। হিসাবমতো অজিঙ্কা রাহানের এই ম্যাচে খেলার কথা। কিন্তু ব্যর্থ ওপেনিং জুটিকে আরেকটি সুযোগ দিয়ে দেখা হবে কি না, সেটি কাল পর্যন্ত ভারত ঠিক করে উঠতে পারেনি বলেই খবর। গত ম্যাচে পুরোনো কিছু ঝলক দেখাতে না পারলে বীরেন্দর শেবাগ নিশ্চিত বাদ পড়তেন। পাকিস্তানের জন্য দুশ্চিন্তা আজহার আলী এবং খোদ অধিনায়ক মিসবাহ। তবে ‘উইনিং কম্বিনেশন’ পাকিস্তান ভাঙবে না বলেই মনে হচ্ছে।ফিরোজ শাহ কোটলা ভারতের জন্যও পয়মন্ত এক ভেন্যু। এ মাঠে ১৬ ওয়ানডের ১০টিই জিতেছে ভারত, হেরেছে পাঁচটিতে। সর্বশেষ ছয় ম্যাচে এখানে হারেনি ভারত। চারটি জিতেছে, বাকি দুটি ম্যাচের একটি বাতিল, অন্যটি পরিত্যক্ত। বাতিল-পরিত্যক্ত ম্যাচগুলোকে হিসাবে না ধরলেই চলত বোধ হয়। কিন্তু ‘চার’-এর বদলে ‘ছয়’ ম্যাচে ভারত হারেনি, শুনতে ধোনিদের নিশ্চয়ই বেশি ভালো লাগবে! ওয়েবসাইট।