ধবলধোলাই এড়াল ভারত
দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০ রানের জয় তুলে নিয়ে ‘ধবলধোলাই’ এড়াল স্বাগতিক ভারত।প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে যাওয়ায় ভারতীয় দল সিরিজ হাতছাড়া করেছিল আগেই। আজকের ম্যাচটা তাই স্বাগতিকদের জন্য ছিল ধবলধোলাই এড়ানোর লড়াই। সেই লড়াইয়ে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে অভিজ্ঞতাটা সুখকর হয়নি। পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলের ঘূর্ণিতে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় ভারতীয় দল।বোলারদের সফলতার পর ব্যাট হাতেও সফল ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। কিন্তু শেষের দিকে দ্রুত উইকেট পড়ায় চাপে পড়ে যায় পাকিস্তান। সেই চাপ আর সামলে উঠতে পারেনি সফরকারীরা। ইনিংসের সাত বল বাকি থাকতে দলীয় ১৫৭ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র তিনটি উইকেট হারিয়ে শতরান অতিক্রম করেছিল পাকিস্তান। ৩৪ ওভার শেষে সংগ্রহ ছিল ১১৩ রান। বাকি ১৬ ওভারে দরকার মাত্র ৫৫ রান, হাতে সাতটি উইকেট। হেসেখেলেই জয় পাওয়ার মতো অবস্থায় ছিল পাকিস্তান। কিন্তু শেষের দিকে একের পর এক উইকেট পতন হওয়ায় সব হিসাব যায় পাল্টে।পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক মিসবাহ-উল-হক। এ ছাড়া নাসির জামশেদ ৩৪, উমর আকমল ২৫ ও মোহাম্মদ হাফিজ ২১ রান করেন। ভারতের হয়ে সফলতম বোলার ইশান্ত শর্মা। ৩৬ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন নেন দুটি করে উইকেট।ম্যাচের শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। বীরেন্দর শেবাগের পরিবর্তে আজ গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের গোড়াপত্তন করেন অজিঙ্কা রাহানে। কিন্তু রাহানে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ ইরফানের বলে উইকেটের পেছনে কামরান আকমলের হাতে ধরা পড়েন। সেই থেকে শুরু। এরপর একে একে ফেরেন গম্ভীর, কোহলি ও যুবরাজ। সাত ফুট এক ইঞ্চি উচ্চতার মোহাম্মদ ইরফান আর বাঁ-হাতি জুনাইদ খানের নিখুঁত লাইন-লেন্থের সঙ্গে মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমলের ঘূর্ণি দিশেহারা করে দেয় ভারতীয় দলকে।৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে থাকা ভারতকে পথ দেখাতে শুরু করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। কিন্তু সাঈদ আজমলের পর পর দুই বল সেই প্রতিরোধ ভেঙে চুরমার করে দেয়। নিজের চতুর্থ ওভারের চার ও পাঁচ নম্বর বলে প্রথমে সুরেশ রায়না ও পরে রবিচন্দ্রন অশ্বিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতের ওপর চাপটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেন আজমল। উইকেটে যতক্ষণ ছিলেন, ততক্ষণ অধিনায়ক ধোনি স্রোতের বিপরীতে বুক চিতিয়ে লড়াই চালিয়েছিলেন। তাঁর করা ৩৬ রানই দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন অফস্পিনার সাঈদ আজমল। দুটি উইকেট নেন মিডিয়াম পেসার মোহাম্মদ ইরফান। ম্যাচ সেরা খেলোয়াড় হন ধোনি।সংক্ষিপ্ত স্কোর:ভারত: ১৬৭/১০ (৪৩.৪ ওভার)ধোনি ৩৬, রায়না ৩১আজমল ৫/২৪, ইরফান ২/২৮পাকিস্তান: ১৫৭/১০ (৪৮.৫ ওভার)মিসবাহ ৩৯, জামশেদ ৩৪ইশান্ত ৩/৩৬, ভুবনেশ্বর ২/৩১, অশ্বিন ২/৪৭ফল: ভারত ১০ রানে জয়ী।সিরিজ: পাকিস্তান ২-১-এ জয়ী।