ম্যাচের ভাগ্য নিয়ে কোনো সংশয় ছিল না। দেখার ছিল শুধু পাকিস্তান ফলোঅন এড়াতে পারে কি না। লোয়ার-অর্ডারদের লড়াইয়ে একটা সম্ভাবনা জাগিয়েছিল দলটি, কিন্তু পেরে ওঠেনি শেষ পর্যন্ত। সেঞ্চুরিয়নে ইনিংস ও ১৮ রানে জিতে ধবলধোলাই পর্ব সম্পন্ন করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের শ্রেষ্ঠত্বটাও প্রমাণ করেছে আরেকবার।র্যাঙ্কিংয়ে দুই দল বেশ কাছাকাছিই, দক্ষিণ আফ্রিকা শীর্ষে, চারে পাকিস্তান। কিন্তু বাস্তবে ব্যবধানটা যে মহাসাগরসম, প্রমাণ হলো এই সিরিজেই। শুধু ৩-০-তে সিরিজ হারাই নয়, কেপটাউনে খানিকটা লড়াই করা ছাড়া সিরিজে দাঁড়াতেই পারেনি মিসবাহর দল। এই টেস্ট শেষ হয়ে গেল ৩ দিনে, সব মিলিয়ে ৩ টেস্টে খেলা হয়েছে মাত্র ১১ দিন! ঘরোয়া গ্রীষ্মের পাঁচ টেস্টের সবগুলোই জিতল স্মিথের দল, একটি টেস্টও গড়ায়নি পঞ্চম দিনে! আর বছর খানেক আগেই র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডকে ধবলধোলাই করা পাকিস্তান এবার পেল উল্টো ফল। মহসিন খানের কোচিংয়ে বদলে যাওয়া পাকিস্তান আবার যেন নিজেদের অননুমেয় চরিত্র ফিরে পেয়েছে ডেভ হোয়াটমোরের কোচিংয়ে।পাকিস্তানের টপ ও মিডল-অর্ডাররা ব্যর্থ আরেকবার। ১১৪ রানে ৬ উইকেট হারানোর পর মনে হচ্ছিল চা-বিরতির আগেই গুটিয়ে যাবে পাকিস্তান। সরফরাজ-আজমল-রাহাতদের লড়াই কিছুটা বাড়িয়েছে ম্যাচের দৈর্ঘ্য আর কমিয়েছে পরাজয়ের ব্যবধান। সপ্তম উইকেটে সরফরাজ আহমেদ ও সাঈদ আজমলের ৬৯ রানের জুটিই ইনিংসের সর্বোচ্চ। মোহাম্মদ ইরফানকে নিয়ে শেষ জুটিতে রাহাত আলী তুলেছেন ৩৩। আজমলকে ফিরিয়ে স্টেইন পেরিয়ে গেছেন অ্যালান ডোনাল্ডের (৩৩০) টেস্ট শিকারকে। স্টেইন-গান এখন দক্ষিণ আফ্রিকার তৃতীয় সফলতম পেসার, সামনে শন পোলক (৪২১) ও মাখায়া এনটিনি (৩৯০)।প্রথম ইনিংসের ধ্বংসযজ্ঞের নায়ক কাইল অ্যাবট এবার পেয়েছেন ২ উইকেট। স্টেইনের ইনিংসে ৫ উইকেট আর অ্যাবটের ম্যাচে ১০ উইকেট পাওয়া নিয়ে বেশ লড়াই হলো পাকিস্তানের শেষ জুটিতে। শেষ পর্যন্ত শেষ উইকেটি নিয়েছেন রবিন পিটারসন। ৬৮ রানে ৯ উইকেট নিয়ে অভিষেকে ম্যাচসেরা অ্যাবট, ব্যাটিং-কিপিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ-সেরা এবি ডি ভিলিয়ার্স। দুই টি-টোয়েন্টির সিরিজ শুরু ১ মার্চ। ওয়েবসাইট।