ধবলধোলাইয়ে অ্যাশেজ-প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে গুটিকয় দর্শক, প্রায় সবার মাথার ওপর ছাতা। উইকেটে নিউজিল্যান্ডের শেষ জুটি, ব্যাটসম্যানকে ঘিরে অ্যালিস্টার কুক সাজিয়ে রেখেছেন ছাতা। কিউইরা উড়ে গেছে আসলে অনেক আগেই, প্রতিপক্ষ তখন শুধুই প্রকৃতি। ম্যাচটাকে হাতের মুঠোয় এনেও অ্যালিস্টার কুকের কপালে চিন্তার ভাঁজ। সেই ভাঁজ আরও বাড়ছিল নিউজিল্যান্ডের শেষ জুটির দাঁতে দাঁত চেপে লড়াইয়ে। শেষ পর্যন্ত আট ওভারে বিনা রানের জুটিতে শেষ জুটির লড়াই শেষ, প্রকৃতির সঙ্গে লড়াইয়েও জিতল ইংলিশরা। গত মার্চে নিউজিল্যান্ডে গিয়ে ড্র করে এসেছিল সিরিজ, আদতে যেটা কিউইদের জন্য ছিল একরকম জয়। ইংল্যান্ড প্রতিশোধ নিল দেশের মাটিতে ‘ধবলধোলাই’ করে।

টেস্টের প্রথম দিন গিয়েছিল বৃষ্টির পেটে, বৃষ্টি হয়েছে এরপর প্রতিদিনই। বৃষ্টি হানা দিল কাল শেষ দিনেও। ইংল্যান্ড কেন নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি কিংবা দ্বিতীয় ইনিংস ঘোষণা করেনি আরও আগে, এসব নিয়ে আলোচনায় মুখর ধারাভাষ্যকার-বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত ম্যাচটা ইংল্যান্ড জিততে না পারলে নিশ্চিতভাবেই অনেক সমালোচনা হজম করতে হতো কুককে। ম্যাচ শেষে হাসিমুখে বললেন, ‘খানিকটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, ওদের গুটিয়ে দেওয়ার সময় পেলাম।’

সকালের সেশনে খেলা হয়েছে মাত্র ১১ ওভার। এর মধ্যেই কাজ খানিকটা এগিয়ে রাখে ইংল্যান্ড। শেষ স্পেশালিস্ট ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে ফিরতি ক্যাচে ফেরান স্টুয়ার্ট ব্রড। সহজাত আক্রমণাত্মক কিছু শট খেলা সাউদিকে ফিরিয়ে পঞ্চম উইকেট নেন গ্রায়েম সোয়ান। সেই ১৯৮৫ অ্যাশেজে জন এমবুরির পর এই প্রথম হেডিংলিতে ৫ উইকেট পেলেন কোনো স্পিনার!

এর মিনিট দুয়েক পরই বৃষ্টি, কিন্তু বন্ধ থাকল তাতে সাড়ে তিন ঘণ্টা! ইংল্যান্ডের জয়ের স্বপ্ন যখন ফিকে হতে শুরু করেছে, তখনই খানিকটা উজ্জ্বল হলো হেডিংলির আকাশ। বেলা তিনটায় খেলা শুরু হতেই আবার টিপটিপ বৃষ্টি। তবে ইংলিশদের স্বস্তি হয়ে আর বাড়েনি জলধারা। ডগ ব্রেসওয়েলকে ফিরিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ১০ উইকেটের স্বাদ পেয়েছেন সোয়ান। শেষ জুটিতে দুই কিউই পেসার উইকেট আঁকড়ে ইংলিশদের জয়ের অপেক্ষা বাড়িয়েছেন, ৩৭ বলে শূন্য করে অপরাজিত ওয়াগনার, ২৪ বলে শূন্য করে বোল্ড বোল্ট। শেষ জুটির প্রতিরোধ শেষ হয়েছে অ্যান্ডারসনের সুইংয়ে।

আবহাওয়াই যা একটু রোমাঞ্চ জাগাল, না হলে সিরিজের ২-০ ফল তো ছিল প্রত্যাশিতই। অধিনায়ক কুকের সঙ্গে তরুণ রুটের সেঞ্চুরি, অ্যান্ডারসন-ব্রডদের সুইংয়ের পর সোয়ানের ঘূর্ণি, অ্যাশেজ-প্রস্তুতি দারুণ হলো ইংলিশদের! ওয়েবসাইট।