ধবলধোলাইয়েই ভারতের প্রতিশোধ
মহেন্দ্র সিং ধোনি বরাবরেরই মতোই ভাবলেশহীন, উচ্ছ্বাস নেই। একটা স্টাম্প তুলে বগলদাবা করলেন বটে, তবে সেটাও পাথুরে মুখে। উল্লাসে ছুটে আসা চেতেশ্বর পূজারাকে কী যেন বললেন। হয়তো শাসিয়েই দিলেন, ‘এত লাফানোর কী আছে!’ড্রেসিংরুমের ব্যালকনিতে তখন উল্টো ছবি। ধোনি জয় এনে দেওয়া শটটি খেলতেই সবার আগে লাফিয়ে উঠলেন বিরাট কোহলি। মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন শূন্যে। বিজয়-ওঝা-জাদেজারা লাফালেন, সবাই বুকে টানলেন পরস্পরকে। এমনকি ১৯৮ টেস্টের অভিজ্ঞতাঋদ্ধ শচীন টেন্ডুলকার পর্যন্ত ভাসলেন উচ্ছ্বাসে। সবাই তো আর ভারত অধিনায়কের মতো নিরাবেগ নন! এমন দিন প্রতিদিন আসে না। এমন অর্জনের দেখা সব সময় মেলে না। এমন ইতিহাসের অংশ হওয়া সবার হয়ে ওঠে না! হরভজন সিংয়ের হাসিটা একটু বেশিই চওড়া মনে হলো। সিরিজ শুরুর আগে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘তরুণ ও অনভিজ্ঞ এক দল নিয়ে আসছে অস্ট্রেলিয়া। ৪-০-তে না জেতার কোনো কারণ দেখছি না।’ ভাজ্জির কথাটিকে বাগাড়ম্বর ভাবার মতো লোকের তখন অভাব ছিল না। ওই কথাটিই এখন বাস্তব। দিল্লি টেস্ট তিন দিনে জিতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করে ছাড়ল ভারত। ৮১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম জিতল এক সিরিজে চার টেস্ট। চার ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার স্বাদও পেল প্রথমবার। ভারতের অনন্য সেই মুহূর্তটি এল পাগলাটে এক দিনের শেষে। প্রথম দুই দিনে দুই দলের প্রথম ইনিংসও শেষ হয়নি। কে ভাবতে পেরেছিল, এই ম্যাচ শেষ হবে তিন দিনে! ঘটনার ঘনঘটা শেষে ভারত জিতল ৬ উইকেটে। সকালে মাত্র ১৩ বলেই ভারতের শেষ ২ উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। ইশান্ত ও ওঝাকে টানা দুই বলে ফিরিয়ে লায়ন নেন ক্যারিয়ার-সেরা ৭ উইকেট। ভারতের লিড মাত্র ১০, ম্যাচ কার্যত এক ইনিংসের লড়াই।লায়নের বোলিংই ইঙ্গিত দিচ্ছিল, স্পিনের মরণফাঁদ পেতে রেখেছে তৃতীয় দিনের কোটলা। অস্ট্রেলিয়াও সেটা জানত। বল চকচকে থাকতেই যথাসম্ভব রান তুলতে তাই ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে পাঠানো গ্লেন ম্যাক্সওয়েলকে। ফাটকা কাজে লাগেনি। সিরিজজুড়ে পার্শ্বনায়ক হয়ে থাকা রবীন্দ্র জাদেজা যে শেষবেলায় এসে নায়ক হতে চাইলেন! ক্যারিয়ারে প্রথমবার নিলেন ৫ উইকেট। সঙ্গে অশ্বিন-ওঝারা মিলে অস্ট্রেলিয়াকে বানিয়ে দিলেন ৭ উইকেটে ৯৪! ধ্বংসস্তূপে আবারও রক্ষাকর্তা পিটার সিডল। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন নয় নম্বরে নেমে দুই ইনিংসেই ফিফটি ও দুই ইনিংসেই দলের সর্বোচ্চ। অস্ট্রেলিয়া পেল লড়াই করার রান।লক্ষ্য ১৫৫, ১২ বছর আগের সিরিজের শেষ ম্যাচে ভারতকে ঠিক এই লক্ষ্যই দিয়েছিল অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর ম্যাচ সেবার ২ উইকেটে জিতেছিল ভারত। এবার তেমন কিছু হলো না, এক জুটিতেই ১০৪ রান হলে রোমাঞ্চ আর থাকে কী! ম্যাক্সওয়েলকে রিভার্স সুইপ করতে গিয়ে বিজয় বোল্ড হওয়ার পর পূজারা-কোহলি গড়লেন ম্যাচ জেতানো ওই জুটি। ৫ রানের মধ্যে ৩ উইকেট জয়টাকে বিলম্বিত করেছে, সংশয় জাগাতে পারেনি।‘প্রতিশোধ’ ব্যাপারটি কালও এড়িয়ে গেলেন ধোনি, বললেন তৃপ্তির কথা। তবে ভারতের উল্লাসে কিন্তু মিশে থাকল প্রতিশোধের তৃপ্তিই। ব্যালকনি থেকে দর্শকের উদ্দেশে হাত নাড়লেন টেন্ডুলকার। এটি কী কোনো ইঙ্গিত? এ বছর আর দেশের মাটিতে টেস্ট নেই ভারতের। দেশের মাটিতে কি তবে শেষবার!সত্যিই যদি সেটা হয়, দেশের মাটিতে শেষ সিরিজটা তাহলে সুখস্মৃতিই হয়ে থাকবে কিংবদন্তির জন্য। ওয়েবসাইট।