ধবলধোলাইয়ের পেছনে কারণ তাহলে এই?

দুই দলের দুই চিত্র।
ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের পর রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। জয়ের পর থেকেই ভালোবাসা আর অভিনন্দনের বৃষ্টিতে প্রতিদিনই সিক্ত হচ্ছে ক্লার্কের দল।
ইংল্যান্ড দলের চিত্র ঠিক তার উল্টো। পরাজয়ের বেদনা কুড়ে কুড়ে খাচ্ছে ইংলিশদের। উপরি পাওনা হিসেবে জুটছে সাবেকদের কড়া সমালোচনা। কুকবাহিনীর পরাজয়ের ব্যবচ্ছেদ চলছে প্রতিদিনই! তবে ধবলধোলাইয়ের নেপথ্যে যে কারণটি বললেন সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফনেল, তাতে চক্ষু চড়কগাছ হওয়া ছাড়া উপায় কী! অ্যাশেজে হারার অন্যতম কারণ নাকি ড্রেসিংরুমের বিবাদ!
বিবিসি রেডিওকে টাফনেল বলছেন, ‘ড্রেসিংরুমে নিশ্চিত কিছু না কিছু হয়েছে। বাইরে থেকে মানুষ বুঝবে না, তারা (খেলোয়াড়) নিজেদের মধ্যে কীভাবে বিরোধে জড়াতে চেয়েছে।’ সাবেক ইংলিশ স্পিনার অবশ্য তাঁর মন্তব্যের পেছনে কিছু যুক্তিও দেখিয়েছেন, ‘কীভাবে জোনাথান ট্রট গেল (অস্ট্রেলিয়ায়) এবং প্রথম ম্যাচ খেলেই বলল, “আমি সুস্থ নই”। সেটি কি (অসুস্থতা) আরোগ্যযোগ্য ছিল না? গ্রায়েম সোয়ান তিন ম্যাচ খেলল, হারল এবং বিদায় নিল (ক্যারিয়ার থেকেই)। দুই অভিজ্ঞ খেলোয়াড় সেখানে গেল এবং দল ছেড়ে চলে এল। এসবই বলে, সঠিক পথে এগোনোর মানসিকতা ছিল না। এখানে অনেকগুলো এজেন্ডা কাজ করেছে।’ রয়টার্স।