ধবলধোলাইয়ের শঙ্কার সামনে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী যে করি! যেন আকাশে উত্তর খুঁজছেন কুক!
কী যে করি! যেন আকাশে উত্তর খুঁজছেন কুক!

অপমানের প্রতিশোধ এভাবে খুব বেশি কেউ নিতে পারেনি। মাত্র পাঁচ মাস আগে যে ইংল্যান্ড তৃতীয়বারের মতো অ্যাশেজ জিতে নিয়েছিল, সেই দলটাকেই ক্রিকেটের পাঠশালায় আবার ফেরত পাঠানোর উপক্রম করে সিরিজে ৪-০ করে ফেলল অস্ট্রেলিয়া। হুট করে ক্রিকেট খেলতেই যেন ভুলে গেছে ইংলিশরা। ২০০৬ সালের পর আবারও ইংলিশদের ধবলধোলাইয়ের লজ্জায় ফেলার সুবর্ণ সুযোগ এখন অস্ট্রেলিয়ার হাতে।
অস্ট্রেলিয়া যে ম্যাচটা জিতে যাচ্ছে, সেটা তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল। শুধু প্রশ্ন ছিল, জিতবে কখন। আজ চা-বিরতির আগেই ৮ উইকেটে সেই জয়ের কাজটা সমাপ্ত করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজে প্রাপ্য সেঞ্চুরিটা অবশেষে পেয়ে গেলেন ক্রিস রজার্স। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ভরাডুবির মধ্যেও ৬১ রান করেছিলেন। তবে ম্যাচ সেরা রজার্স নন, বৃহস্পতির তুঙ্গে থাকা মিচেল জনসন। এই ম্যাচেও ৮ উইকেট নিয়েছেন। চার টেস্টে এখন পর্যন্ত তাঁর উইকেট ৩১টি!
এক অ্যাশেজে ৪৬ উইকেট নেওয়া জিম লেকারের রেকর্ডটা অবশ্য তাঁর থেকে অনেক দূরে। তবে সিরিজের শেষ টেস্টে আর নয়টি উইকেট নিতে পারলে এক অ্যাশেজে ৪০ উইকেট শিকার করা ইতিহাসের ষষ্ঠ বোলার অন্তত হতে পারবেন।
অস্ট্রেলিয়াকে আজ সহজেই জয়ের বন্দরে ভিড়তে সাহায্য করেছে আরও একজন। শেন ওয়াটসন। আগের টেস্টেই পার্থে সেঞ্চুরি করা ওয়াটসন টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন স্রেফ লক্ষ্যটা কম ছিল বলে। শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৬৪ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে রজার্স-ওয়াটসনের ১৩৬ রানের জুটিই এই ম্যাচে ইংলিশদের অঘটন ঘটানোর সুদূরতম আশাকে ছারখার করে দেয়।
অস্ট্রেলিয়া এই দলটা যে কতটা এককাট্টা, কাঁধে কাঁধ রেখে লড়াই করছে, সেটা ম্যাচ শেষে বুঝিয়ে দিলেন জনসন। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘এই পুরস্কার আসলে ক্রিসেরই প্রাপ্য ছিল, ও খুবই ভালো করেছে।’ রজার্স তখন কৃতজ্ঞতায় মাথা নুয়ে দিলেন। যেন বললেন, ‘ধন্যবাদ বন্ধু।’

কাঁধ মিলিয়ে লড়লে যে পাহাড় বাধাও জয় করা যায়!