ধরা দিচ্ছে না বিপিএলের টাকা!
খেলোয়াড়দের মধ্যে গুঞ্জন-ফিসফাস-হতাশা। কোটি কোটি টাকার বিপিএল শেষ পর্যন্ত কত টাকা দেবে?কথা ছিল, খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে দেবে টুর্নামেন্ট শুরুর আগেই। টুর্নামেন্ট চলাকালে আরও ৫০ শতাংশ। বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে। এই হিসাবে এত দিনে অন্তত ৭৫ শতাংশ অর্থ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। অথচ বিপিএল শেষ হওয়ার পর ৩৫ দিন চলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই এখনো এই পরিমাণ টাকা দেয়নি বলে অভিযোগ। কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি মালিক অবশ্য দাবি করছেন, চুক্তির সিংহভাগ টাকাই তাঁরা দিয়ে দিয়েছেন।ঢাকা গ্ল্যাডিয়েটর্সের একাধিক খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত তাদের প্রাপ্তি টুর্নামেন্ট চলাকালে পাওয়া ২৫ শতাংশ টাকা। ফ্র্যাঞ্চাইজির মালিক সেলিম চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘বিসিবি থেকে আমরা অনেক টাকা পাই। পাওনা আছে প্রাইজমানিও। এই টাকা পেলে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে দেব।’ তিনি অবশ্য দাবি করেছেন, স্থানীয় খেলোয়াড়দের এর মধ্যেই ৩০ থেকে ৩৫ শতাংশ টাকা দিয়ে দিয়েছে ঢাকা। বিদেশিদের মধ্যে অনেকে পেয়ে গেছেন প্রায় পুরো টাকাই। সেলিম চৌধুরী আগামীকাল তাঁর বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন খেলোয়াড়দের। পেটপূজার সঙ্গে কিছু অর্থযোগ নাকি সেখানেও হতে পারে।বিপিএলে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক থেকে কর কাটা হচ্ছে ২৫ শতাংশ। স্থানীয় ক্রিকেটারদের ১০ শতাংশ। নিলামমূল্য থেকেই এই টাকা কেটে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড়েরা যেটাকে ২৫ শতাংশ বলছেন, করের অংশ যোগ করায় মালিকপক্ষের ভাষায় সেটাই হয়ে যাচ্ছে ৩৫ শতাংশ।নাম প্রকাশ না করার শর্তে চিটাগং কিংসের এক খেলোয়াড় বললেন, ‘টুর্নামেন্টের সময় ২৫ শতাংশ টাকা পেয়েছি। এরপর আর এক টাকাও পাইনি। তামিমসহ আরও দু-একজন তো এখনো কোনো টাকাই পায়নি।’ তবে ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরীর দাবি, ‘বিদেশিদের টাকা আমরা দিয়ে দিয়েছি। স্থানীয়দের কিছু বাকি থাকলেও সবাইকেই চুক্তির ৬০-৭০ শতাংশ টাকা দিয়ে দেওয়া হয়েছে।’পাওনা পরিশোধের দিক দিয়ে অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে রানার্সআপ বরিশাল বার্নার্স। আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস এখন পর্যন্ত ২৫ শতাংশ টাকা পেলেও অন্য খেলোয়াড়েরা পেয়ে গেছেন ৬০ শতাংশ করে। তবে ঢাকার মতো বরিশালও এখনো পায়নি রানার্সআপের প্রাইজমানি।বরিশালের পরেই দুরন্ত রাজশাহী। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ শতাংশের মতো টাকা পেয়ে গেছেন অনেকেই। মালিক মুশফিকুর রহমানের দাবি, অঙ্কটা আরও বেশি, ‘সংবাদ সম্মেলনে আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম যখন বিপিএলের সমালোচনা করল, তখনই ওর ৭০ শতাংশ টাকা ক্লিয়ার। অন্যদের মধ্যেও বেশির ভাগ খেলোয়াড় ৯০-৯৫ শতাংশ টাকা পেয়ে গেছে। শতকরা ৩০ ভাগের বেশি কারও পাওনা নেই।’দুশ্চিন্তায় খুলনা রয়্যাল বেঙ্গলসের খেলোয়াড়েরাও। জুনিয়ররা সিনিয়রদের কাছে জানতে চাইছেন, কবে টাকা পাবেন। সিনিয়ররা যোগাযোগ করছেন মালিকপক্ষের সঙ্গে। ‘এখন পর্যন্ত ২৫-৩০ পার্সেন্ট করে টাকা পেয়েছি আমরা। কথা ছিল এ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাকি টাকা দেওয়া হবে। এক সপ্তাহ তো চলেই গেল...’—হতাশা খুলনার এক ক্রিকেটারের কণ্ঠে। তবে মালিক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপক চৌধুরী খালেদ মাসুদ মানলেন না অভিযোগটা, ‘স্থানীয় খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের ৬০ থেকে ৮০ শতাংশ টাকা দেওয়া হয়ে গেছে। বাকি টাকাও খুব দ্রুতই দিয়ে দেওয়া হবে।’সিলেট রয়্যালসেরও নাকি একই অবস্থা! ইমরুল কায়েসের মতো দু-একজন একটু বেশি পেলেও বেশির ভাগ খেলোয়াড়ই পেয়েছেন নিলামমূল্যের মাত্র ২৫ শতাংশ। দলের ম্যানেজার ওয়াসিম খানও স্বীকার করেছেন সেটা, ‘আমরা কমপক্ষে ২৫ শতাংশ করে টাকা দিয়ে দিয়েছি সবাইকে। বাকি টাকাও অল্প সময়ের মধ্যে পরিশোধ করা হবে।’