ধর্মঘটে নাইজেরিয়ার ফুটবলাররা, যাচ্ছেন না ব্রাজিলে
আর মাত্র দুদিন পরই শুরু হতে যাচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আজই ব্রাজিলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল আফ্রিকান নেশনস কাপজয়ী নাইজেরিয়ার। কিন্তু এখন চূড়ান্ত মুহূর্তে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশটির ফুটবলাররা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে ব্রাজিলগামী বিমানে চাপতে অস্বীকৃতি জানিয়েছেন তাঁরা।
গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কেনিয়াকে হারানোর পর নাইজেরিয়ার ফুটবলারদের বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। কথা ছিল, নামিবিয়ার বিপক্ষে গতকালের ম্যাচটির পরই এই পাওনা পরিশোধ করা হবে। কিন্তু এখনো সেই টাকা না পাওয়ায় ব্রাজিলে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ফুটবলাররা। ব্রাজিলের উদ্দেশে তাঁদের নির্ধারিত বিমানটি ছেড়ে গেলেও নাইজেরিয়ার ২৩ সদস্যের দলটি এখনো আছে নামিবিয়ার একটি হোটেলে। নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারি রুকোরো বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘তাঁরা ব্রাজিল যেতে চান না বলে জানিয়েছেন। নাইজেরিয়া ফুটবল দলের কর্মকর্তারা ব্রাজিলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কিন্তু খেলোয়াড়েরা এখনো এখানে আছেন। এখন পর্যন্ত তাঁদের হোটেল ছেড়ে যাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’
আগামী সোমবার তাহিতির বিপক্ষে ম্যাচটি দিয়ে কনফেডারেশনস কাপ শুরু করার কথা নাইজেরিয়ার।— রয়টার্স