ধর্মঘটে যাবেন ইংলিশ ক্রিকেটাররা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল ইংলিশ দল। মাসাধিককালের টেস্ট সিরিজ ও এরপরের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলে তাঁরা দেশে ফিরেছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পরিবার-পরিজনের সঙ্গে মাত্র চার দিন কাটিয়েই বিশ্বকাপ খেলতে আবার উড়ে যেতে হয় উপমহাদেশ। এবারের বিশ্বকাপটি জিতে দেশকে আনন্দে ভাসানোর সব উপাদানই ইংলিশ দলে থাকলেও তাদের হারতে হয়েছে আয়ারল্যান্ডের মতো দলের কাছে। বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠাটাই একসময় অনিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে-চক্রে শেষ আটে উঠে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের হারে শিরোপা লড়াইয়ে আর থাকা হয়নি স্ট্রাউস-সোয়ান-কলিংউডদের। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ইংল্যান্ডের খেলোয়াড়দের এতটাই ক্লান্ত মনে হচ্ছিল, যেন তাঁরা ম্যাচটি হেরে যেতে পারলেই বাঁচে। বিশ্বকাপের সময় ইংলিশদের ক্লান্তিকে চিত্রিত করা যেতে পারে ছোট্ট একটি ঘটনা দিয়ে। পল কলিংউডের ছোট্ট মেয়ে তাঁর বাবাকে ফোন করে নাকি বলেছিল, ‘বাবা, তোমাকে আর জিততে হবে না... তুমি পরের ম্যাচে হেরে দেশে চলে এসো।’কঠিন সফরসূচির ক্লান্তি কি কেবলই শারীরিক? এটা মানসিক শক্তিকেও নিঃশেষ করে দেয়। কলিংউডের শিশুসন্তানের এ উক্তি কি তাকেই নির্দেশ করে না? বাবাকে দীর্ঘদিন না দেখতে দেখতে ক্লান্ত সেই শিশু বাবাকে আর বিজয়ীর বেশেও দেখতে চাইছে না। পুরো ব্যাপারটিই দারুণভাবে ছুঁয়ে গেছে ইংলিশ খেলোয়াড়দের। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, ক্লান্তিকর সূচি যেন ভবিষ্যতে আর না হয়, সেটি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন। তাতেও যদি কিছু না হয়, তাহলে তাঁরা কঠোর কর্মসূচিই হাতে নেবেন। সেই কর্মসূচি ধর্মঘট থেকে শুরু করে জাতীয় দল থেকে গণপদত্যাগও হতে পারে।পুরো ব্যাপারটিই সংবাদমাধ্যমের কাছে চাউর করেছেন অ্যালিস্টার কুক। বিশ্বকাপের পর অধিনায়ক স্ট্রাউস তাঁর দায়িত্ব ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা জানালে এ মুহূর্তে কুকই অ্যান্ড্রু স্ট্রাউসের উত্তরসূরি হিসেবে ইংলিশ ক্রিকেট বোর্ডের বিবেচনায় রয়েছে।কুক বলেছেন, ‘ইংলিশ ক্রিকেটারদের দেখলে সত্যিই মায়া হয়। একজন মানুষের জীবনে তো খেলা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। হতে পারে, ক্রিকেট আমার পেশা, কিন্তু এ পেশা যদি ব্যক্তিজীবনের জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে তো সমস্যা।’কুক নিজেকে বেশ সৌভাগ্যবানই মনে করেন। ‘আমি ওয়ানডে ম্যাচ বেশি না খেলার কারণে যথেষ্ট বিশ্রাম পাই। তাই আমি ক্রিকেটটাকে উপভোগ করতে পারছি বেশ ভালোভাবেই।’ তিনি আরও বলেন, ইংলিশ বোর্ডের সঙ্গে এ সূচির ব্যাপারটি নিয়ে কথা বলা উচিত। কাজ না হলে ধর্মঘটে যেতে হবে। কিন্তু এ বাজে ব্যাপারটির পরিবর্তন দরকার।তবে ইংলিশ খেলোয়াড়েরা কবে থেকে এ ধর্মঘটে যাবেন—বা আদৌ যাবেন কি না, সে ব্যাপারে অ্যালিস্টার কুক কোনো কিছুই খোলাসা করেননি। ওয়েবসাইট।