ধর্মঘটে স্প্যানিশ লিগের ফুটবলাররা
দাঙ্গার কারণে ইতিমধ্যেই পিছিয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরেকটি বড় আসর স্প্যানিশ লিগও পিছিয়ে যেতে পারে। কারণ, বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে এবারের মৌসুমের শুরুতেই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ও দ্বিতীয় বিভাগের ফুটবলাররা। স্প্যানিশ ফুটবলার অ্যাসোসিয়েশন ও প্রফেশনাল ফুটবল লিগের কর্মকর্তাদের এক বৈঠকের পর আজ এই ঘোষণা দিয়েছেন ফুটবলার অ্যাসোসিয়েশনের প্রধান লুইস রুবিয়ালেস।এক সংবাদ সম্মেলনে রুবিয়ালেস বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় বিভাগের ফুটবলাররা এবারের মৌসুমের প্রথম দুটি ম্যাচের আগে সর্বসম্মতিক্রমে এই ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার মানে এই নয় যে আমরা লিগ শুরু করার আশা ছেড়ে দিচ্ছি। আমরা ফুটবলারদের ও ফুটবলের ভালোর জন্য আবার এটা শুরু করব। তবে নতুন একটা চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমরা খেলা শুরু করা থেকে বিরত থাকব।’ঋণগ্রস্ত অনেক ক্লাবই খেলোয়াড়দের বেতন পরিশোধ করেনি বলে অভিযোগ করেছে ফুটবলার অ্যাসোসিয়েশন। অসন্তুষ্ট এই ফুটবলারদের তালিকায় স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস, কার্লোস পুয়োল, জাবি আলোনসো, ফার্নান্দো লরেন্তরাও আছেন বলে জানা গেছে। বর্তমান এই পরিস্থিতির জন্য ক্লাবগুলোকেই দায়ী করেছেন রুবিয়ালেস। তিনি বলেছেন, ‘চুক্তির শর্তগুলো পূরণ না করতে পারার জন্য আমরা ক্লাবগুলোকেই দায়ী করছি। এই পরিস্থিতিটা খুবই দুঃখজনক। এই খেলার প্রতি ক্লাব কর্তৃপক্ষ শ্রদ্ধা প্রদর্শন করেনি। ফুটবলাররা বেশি টাকা চাইছেন না। তাঁদের চুক্তি অনুযায়ী যত পাওয়ার কথা, তাঁরা সেটাই দাবি করছেন। আমরা খুবই ভালো একটা পরিবেশে খেলাটা উপভোগ করতে চাই।’— রয়টার্স