ধর্মশালা থেকে ধর্মতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​কলকাতার ইডেন গার্ডেন l ফাইল ছবি
​কলকাতার ইডেন গার্ডেন l ফাইল ছবি

ডিপ ফ্রিজ থেকে বের করে কাউকে চুলায় বসিয়ে দিলে কেমন লাগবে?
একেবারে সঠিক উত্তরটা দিতে পারব না। তবে অনুমান করতে পারি। ধর্মশালা থেকে কলকাতা আসার পর থেকেই ‘ডিপ ফ্রিজ’ আর ‘চুলা’র উপমাটা খুব মনে হচ্ছে। এখানে কোনটা কী, তা আপনার বুঝে ফেলার কথা।
ধর্মশালা শৈলশহর, গ্রীষ্মের শুরুতেও যে সেখানে ঠান্ডা থাকবে, এটা জানাই ছিল। প্রথম তিন-চার দিন খুব একটা সমস্যাও হয়নি। কিন্তু টানা বৃষ্টিতে শেষ দুই দিন কাহিল অবস্থা। গায়ে দুটি মোটা শীতবস্ত্র চাপিয়েও দাঁতে দাঁত বাড়ি খাওয়া কাঁপুনি! রাতে অবস্থা আরও খারাপ। ওমানের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফিও বললেন, ‘মনে হলো ইংল্যান্ড বা আয়ারল্যান্ডে খেলছি।’
সেই তীব্র শীত থেকে পরশু রাতে কলকাতার প্রচণ্ড গরমে। ধর্মশালায় শেষ দুই রাতে তাপমাত্রা নেমে এসেছিল ২/৩ ডিগ্রিতে। আমার মনে হচ্ছিল, কোথাও একটা ভুল হয়েছে। মাইনাসে যদি না-ও গিয়ে থাকে, শূন্য ডিগ্রি না হয়ে যায়ই না। নইলে রুমে হিটার চালিয়ে কম্বল গায়ে চাপিয়েও ঠকঠক করে কাঁপছি কেন!
লেখাটার নাম ‘ধর্মশালা থেকে ধর্মতলা’ দিয়েছি কেন, সেটি বোধ হয় ব্যাখ্যা করা দরকার। কলকাতার যেখানে ইডেন গার্ডেন স্টেডিয়াম, সেটির ঠিক পাশেই ধর্মতলা। যেটির আরেক নাম এসপ্লানেড। ইডেনও সম্ভবত ওই এলাকাতেই পড়েছে। কাল দুপুরে ইডেনে যাওয়ার সময়ই রোদের তীব্র আঁচ টের পেলাম। ইডেনে ঢুকে কলকাতার সাংবাদিকদের কাছে শুনলাম, তাপমাত্রা নাকি ৩৬ ডিগ্রি। আবারও মনে হলো, কোথাও একটা ভুল হচ্ছে! রোদে গেলেই গা যেমন পুড়ে যাচ্ছে, পারদ নির্ঘাত ৪৫/৪৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে! অমনই মনে হওয়ার কথা। ‘ডিপ ফ্রিজ’ থেকে যে ‘চুলা’য় বসেছি!
ইডেনের ক্লাব হাউসে বসে মাঠের দিকে তাকিয়েই অবশ্য গরম-টরম জাতীয় তুচ্ছ ব্যাপার একদমই ভুলে গেলাম। আমি যে তখন স্মৃতিকাতরতার সরণি বেয়ে কখনো ২৩ বছর পেছনে ফিরে যাচ্ছি, কখনো বা ফিরে আসছে ১৫ বছর আগের সেই স্মৃতি। মাঝের আট বছরের অসংখ্য স্মৃতি কোলাজ তৈরি করছে চোখের সামনে।
২৩ বছর আগে এই ইডেন গার্ডেনেই সাংবাদিক হিসেবে আমার টেস্ট অভিষেক। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগ পর্যন্ত এই ইডেনই ছিল আমার আন্তর্জাতিক ক্রিকেটে উঁকি দেওয়ার জানালা। টানা আট বছর ইডেনে যত টেস্ট-ওয়ানডে হয়েছে, প্রায় সবই কাভার করেছি। ১৫ বছর পর আবার সেই ইডেনে। মাঝখানে নানা কাজে বেশ কবার কলকাতায় আসা হয়েছে। কিন্তু ইডেনে পা পড়েনি।
ইডেনে আমার ‘অভিষেক টেস্ট’ (ক্রিকেটারদের যদি টেস্ট অভিষেক হতে পারে, সাংবাদিকদের কেন নয়!) যেমন বিখ্যাত হয়ে আছে, তেমনটি সর্বশেষটিও। প্রথমটি যদি শুধুই ভারতীয় ক্রিকেটের প্রেক্ষাপটে হয়, সর্বশেষটি ভারতের সীমানা ছাড়িয়ে ক্রিকেট ইতিহাসেই অবিস্মরণীয়। ১৯৯৩ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ বিখ্যাত হয়ে আছে অধিনায়কত্ব যায় যায় অবস্থায় মোহাম্মদ আজহারউদ্দিনের ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংসের কারণে।
২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া কেন বিখ্যাত, সেটি বোধ হয় না বললেও চলে। ভেঙ্কট লক্ষ্মণের মহাকাব্যিক সেই ২৮১। কদিন আগে উইজডেন ক্রিকেট মান্থলির জরিপে যেটি গত ৫০ বছরের মধ্যে সেরা টেস্ট পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে। লক্ষ্মণ-দ্রাবিড়ের ওই ম্যারাথন জুটি, প্রথম ভারতীয় হিসেবে হরভজনের হ্যাটট্রিক, ম্যাচে ১৩ উইকেট, ফলো অন করেও ভারতের জয়, স্টিভ ওয়াহর অপরাজেয় অস্ট্রেলিয়ার অশ্বমেধ ঘোড়ার থেমে যাওয়া...। অনেক সৌভাগ্য হলে অমন একটা টেস্ট কাভার করার সুযোগ মেলে।
সেই সৌভাগ্যের কথা মনে হয়েছে পরে। ওই টেস্টটি যে এমন ক্রিকেট রূপকথা হয়ে যাবে, শুরুর আগে তো আর তা জানতাম না। প্রথম টেস্টের ক্ষেত্রে ঘটনা তা নয়। যেটি কাভার করার সুযোগ পেয়েই নিজেকে পরম সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল। টেস্টের আগের দিন ইডেনে ঢুকে আমি হাঁ করে সব দেখছি। এই সেই ইডেন...দুই দলের ক্রিকেটারদের অনেকেই সেই প্রথম টেলিভিশনের পর্দা বা ম্যাগাজিনের পাতা থেকে চোখের সামনে নেমে এসেছেন। রাতে পায়ের ব্যথা মনে করিয়ে দিল, সারাটা দিনই মাঠের পাশে দাঁড়িয়ে ছিলাম!
তখন আন্তর্জাতিক ক্রিকেটে এমন কড়াকড়ি ছিল না। কাল যেমন গ্যালারি থেকে প্র্যাকটিস দেখতে হলো, তখন নেটের পেছনেই দাঁড়ানো যেত। আমি তো ইংল্যান্ডের নেটেই ঢুকে পড়েছিলাম। কিথ ফ্লেচার তখন ইংল্যান্ডের কোচ। নেটে যিনি আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে। আমি ভাবলাম, এই তো সুযোগ, ফ্লেচারের সঙ্গে একটু কথা বলে নিই! গটগট করে চলেও গেলাম। বাংলাদেশের সাংবাদিক পরিচয় দিয়ে (তখন এই পরিচয়টা খুব কাজে লাগত) হাত বাড়িয়ে দিলাম। ইংলিশ ভদ্রতা মোতাবেক ফ্লেচারও হাত মেলালেন। কিন্তু কী একটা প্রশ্ন করতেই রেগে অগ্নিশর্মা। ততক্ষণে ইডেনের কিংবদন্তি কিউরেটর প্রবীর মুখার্জি ‘আপনি কী করেছেন, নেটে ঢুকে পড়েছেন’ বলে হা রে রে রে করে ছুটে এসেছেন।
এর আগে গ্রাহাম গুচ-কিথ ফ্লেচার যখন উইকেট দেখতে গেছেন, তাঁদের পিছু পিছু চলে গেছি সেখানেও। গুচের সঙ্গে কথাও বলেছি। আহা, আগে কী সুন্দরই না ছিল দিনগুলো...!