শ্রীলঙ্কার সঙ্গে খেলছে বটে, কিন্তু সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের অদৃশ্য প্রতিপক্ষ হয়ে থাকছে ভারতও। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ইংল্যান্ডে আসছে ভারত। রোজ বোলের ম্যাচটিকে তাই ভারতের উদ্দেশে বার্তা পাঠানোর মাধ্যম হিসেবেই নিয়েছে ইংল্যান্ড। ড্রয়ের নিরাপদ পথে হাঁটলেও সিরিজ জয় হয়ে যেত, কিন্তু জয়টাই চায় ইংল্যান্ড। পারবে তো?উত্তর জানতে আবহাওয়া অফিসে ফোন করা উচিত। চতুর্থ দিনে এসে কালই প্রথম নির্বিঘ্নে খেলা হলো। সেই সুযোগে ইয়ান বেলের সেঞ্চুরি আর এউইন মরগানের ৭১ রানের সৌজন্যে ১৯৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল ইংল্যান্ড। দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংস খেলতে নামা শ্রীলঙ্কার ১১২ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ডের বোলাররা। ইংল্যান্ডের আকাঙ্ক্ষিত ধসটা না হলে টেস্টের সম্ভাব্য ফল ড্র। বৃষ্টি এলে তো কথাই নেই। তৃতীয় দিনে ফর্মে ফেরা কেভিন পিটারসেনই লিড এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। লর্ডসে করেছিলেন ৭২, এবার ৮৫। আউট হয়েছেন তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার মাত্র ৯ বল আগে।মনে যা-ই থাক, মুখে পিটারসেন বলেছেন, সেঞ্চুরি মিস করায় তাঁর কোনো দুঃখ নেই। ইংল্যান্ডকে ভালো ভিত্তি তো এনে দেওয়া গেছে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই আগের দিন ৩৯ রানে অপরাজিত বেল কাল এগিয়ে নিলে গেলেন দলকে। নৈশপ্রহরী হিসেবে নামা জেমস অ্যান্ডারসনের সঙ্গে ৪৫ রানের জুটি। ২২ রানে অ্যান্ডারসনকে ফেরানো গেলেও মরগান-বেলের ষষ্ঠ উইকেট জুটি ভাঙতে ৩৩.১ ওভার অপেক্ষা করতে হয়েছে শ্রীলঙ্কাকে। ততক্ষণে জুটিটা ১৭৩ রান তুলে ফেলে। দ্রুত রান তোলার আশায় চার রানের ব্যবধানে দ্রুত ৩টি উইকেট হারিয়ে ফেললে ৮ উইকেটে ৩৭৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ২৫ রানে পারানাভিতানার উইকেট হারায় শ্রীলঙ্কা। থিরিমান্নেকে নিয়ে প্রতিরোধ গড়েন সাঙ্গাকারা। ৩৮ রান করে থিরিমান্নে আউট হন। আউট হয়ে যান মাহেলা জয়াবর্ধনেও। ৪৪ রান নিয়ে উইকেটে আছেন সাঙ্গাকারা। তাঁর সঙ্গী রঙ্গনা হেরাথ (২*)। ওয়েবসাইট।৩৩১!চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে বেল আউট হয়েছেন মাত্র একবার। ব্যাটিং-গড় ৩৩১!