দুই দলের লড়াই চলছে সমানে সমানে। দুই ম্যাচ শেষে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে ১-১-এ সমতা। কিন্তু একটা লড়াইয়ের ফল একতরফা। সাঈদ আজমলের স্পিনের সামনে যেন অসহায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচের পর মাইকেল ক্লার্ক বলেছিলেন আজমলকে ‘অকেজো’ করার একটা উপায় বের করবেন তাঁরা। কিন্তু পরের ম্যাচে আরও বেশি হাবুডুবু খেলেন আজমলের স্পিনে। ২২ গজের ছবিটাই উঠে এল ওয়াসিম আকরামের কণ্ঠে। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, আজমলকে পড়তেই পারছে না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।প্রথম ম্যাচে ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন আজমল। তবে সেই ধাক্কা সামলে ম্যাচটি জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে আরও দুর্বার আজমল, ৩২ রানে ৪ উইকেট। এবার আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ওভারপ্রতি ৩ রান দিয়ে ৭ উইকেট, এই পরিসংখ্যানও চিত্রটা পরিষ্কার তুলে ধরতে পারছে না। আজমলের বৈচিত্র্যময় বোলিং যেন অস্ট্রেলিয়ানদের কাছে জটিল এক ধাঁধা!সিরিজ নির্ধারণী ম্যাচে আজই দুই দল মুখোমুখি হবে শারজায়। আকরামের ধারণা, এই লড়াইয়ে পাকিস্তানকে এগিয়ে রাখবে আজমলের বোলিং, ‘ওর অফ ব্রেক থেকে দুসরা কিছুই বুঝতে পারছে না অস্ট্রেলিয়ানরা। এটাই বলে দিচ্ছে বোলার হিসেবে কতটা উঁচু মাপের আজমল।’শুধু এই সিরিজে নয়, বছর দুয়েক ধরেই দারুণ ধারাবাহিক আজমল। তবে সেই ধারাবাহিকতার স্বীকৃতি নেই আইসিসি পুরস্কারে। এবারই যেমন দীর্ঘ তালিকায় থাকলেও কোনো বিভাগেই সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি আজমলকে। পুরস্কারের জন্য বিবেচিত সময়কালে (৪ আগস্ট, ২০১১ থেকে ৬ আগস্ট, ২০১২) সবচেয়ে বেশি ৭২ টেস্ট উইকেট আজমলের। অথচ ৫৬ উইকেট নিয়েও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারনন ফিল্যান্ডার। ৫৬ টেস্ট উইকেটের সঙ্গে এই সময়ে একটি মাত্র ওয়ানডে খেলে ১ উইকেট ফিল্যান্ডারের। তবু তিনি আছেন বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। ৭২ টেস্ট উইকেটের সঙ্গে ৩৭ ওয়ানডে উইকেট নিয়েও জায়গা পাননি আজমল।আজমলের না থাকাটা সমালোচনার ঝড় তুলেছে পাকিস্তানে। তবে আজমল এই উপেক্ষাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে, ‘দীর্ঘ তালিকায় জায়গা পেয়ে অনেক খুশি হয়েছিলাম। কিন্তু পরে বাদ পড়ে গেলাম, যদিও এটা খুব বড় কোনো ব্যাপার নয়। কঠোর পরিশ্রম করে আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে পরেরবার পুরস্কার জেতার চেষ্টা করব।’ ওয়েবসাইট।