ধাঁধার নাম উইকেট
রিকি পন্টিং এবার আর ঝুঁকিটা নিতে চাইছেন না। অন্য সময় ম্যাচের আগের দিনই দল ঘোষণা করে দিলেও অস্ট্রেলীয় অধিনায়ক এবার এগোচ্ছেন রয়েসয়ে। ইংল্যান্ডের বিপক্ষে আজ শুরু তৃতীয় টেস্টের দল ঘোষণার জন্য তিনি অপেক্ষা করবেন শেষ পর্যন্ত।পন্টিংয়ের আর দোষ কী? ন্যাড়া তো একবারই বেলতলায় যায়! ২০০৭-০৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্টের আগে ওয়াকার উইকেটে ধোঁকা খাওয়ার স্মৃতি তো মনে আছে তাঁর। ভেবেছিলেন উইকেট হবে গতিময়, হলো মন্থর আর নিচু বাউন্সের। আর এবার তো উইকেট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগার আরও কারণ আছে। উইকেটের ওপর যে ঘাসটা আছে সেটাকে নাকি অন্যরকম ঠেকছে খোদ পন্টিংয়ের কাছেও!চেনা মঞ্চই এমন অচেনা হয়ে উঠলে সে মঞ্চের কুশীলব বাছাইয়ের কাজটা সতর্ক পদক্ষেপেই করতে হয়। প্রয়োজনে বিশেষজ্ঞ মতামতও নেওয়া যেতে পারে। অস্ট্রেলীয় অধিনায়ক তাই কড়া নেড়েছেন ওয়াকার প্রধান গ্রাউন্ডসম্যান ক্যাম সাদারল্যান্ডের। উইকেট গতিময় হবে বলে ধারণাও মিলেছে তাঁর কাছ থেকে। কিন্তু ওই যে ন্যাড়া একবারই বেলতলায় যায়! সামান্যতম ঝুঁকিটুকুও তাই আর নিতে চান না পন্টিং। এ কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত।একসময় বিশ্বের সবচেয়ে গতিময় ওয়াকা মাঝখানের মন্থর চরিত্র বদলে এবার আবারও গতির ঝড় তুলবে, এমনটাই ধারণা করে রেখেছে সবাই। সিরিজে ফেরার ম্যাচে চার পেসার খেলানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়ে ছিল অস্ট্রেলিয়া শিবিরে। এখনো সেই সম্ভাবনা আছে। তা হলে মিচেল জনসন, রায়ান হ্যারিস, পিটার সিডল ও বেন হিলফেনহসকে একসঙ্গে দেখা যাবে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে। শেন ওয়াটসন যোগ হয়ে অস্ট্রেলিয়ার পেস ‘চতুষ্টয়’ ‘পঞ্চপাণ্ডবের’ চেহারা নেবে। সঙ্গে স্টিভ স্মিথের লেগ স্পিন যোগ হবে বলে পন্টিংয়ের হাতে বিকল্পের অভাব থাকবে না। তবে টসের আগে উইকেট শুষ্ক রূপে ধরা দিলে পন্টিংয়ের একাদশের চেহারাও প্রথাগতই হওয়ার সম্ভাবনা। তা হলে মাইকেল বিয়ার খুব খুশি হবেন। বাঁহাতি স্পিনার যে টেস্ট অভিষেকের অপেক্ষায়। পন্টিং অবশ্য ধরেই নিয়েছেন, ফাস্ট বোলারদের তীর্থস্থান ওয়াকার উইকেটের আচরণ এবার একটু অন্যরকম হবে এবং ইংল্যান্ডকে বিপদে ফেলার জন্য সেটাই হতে পারে বড় অস্ত্র। ‘আমার আসলেই মনে হচ্ছে ইংল্যান্ডের খেলোয়াড়দের কাছে বিশ্বের অন্য সব দেশের উইকেটের মতো অপরিচিত ঠেকবে এখানকার উইকেট। আমরা সেটাকেই কাজে লাগাতে পারি।’ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস উইকেট নিয়ে খুব একটা ভাবছেন বলে অবশ্য মনে হচ্ছে না। ভেবে তো লাভও নেই, পার্থের উইকেট যে রহস্য নিয়েই লুকিয়ে থাকুক না কেন, শেষ পর্যন্ত তো এটা তাঁর কাছে ভিনদেশি এক অপরিচিত মঞ্চই! তার ওপর এ মাঠে ১১টি টেস্ট খেলে ইংল্যান্ড জিতেছে মাত্র একটিতে। ভাবতে গেলে যখন সব নেতিবাচক ভাবনাই উড়ে আসে, এসব ভুলে স্ট্রাউস দলের সবাইকে নিজেদের প্রতিই মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন, ‘আমরা জানি, এই পাঁচটা দিন কঠিন ক্রিকেটই হবে। অ্যাডিলেড যদি সত্যিই অস্ট্রেলিয়ার অহমে লেগে থাকে, এবার তাদের হারানোটা খুবই কঠিন হবে। তবে আমরাও প্রস্তুত।’এটাই বোধ হয় অ্যাশেজ! ইংল্যান্ডের আগে উইকেটকেও প্রতিপক্ষ কল্পনা করে অস্ট্রেলিয়া আজ যতই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ওয়াকায় নামুক, ইংল্যান্ড অধিনায়কের মনে পাল্টা শঙ্কা—আহত বাঘের হুংকার না শুনতে হয়!