ধাওয়ানের ব্যাটে শিখরে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৭ বলে ১০২ রান—শিখর ধাওয়ানের অপরাজিত সেঞ্চুরিতে ভারতের জয়টাও এল হেসেখেলে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৬ রানে হারানো ভারত আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৮ উইকেটের বড় ব্যবধানে।দুই ম্যাচের দুটিতেই জয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে ভারতীয় দলের অবস্থান শীর্ষে। সেমিফাইনালে এক পা রাখা হয়ে গেল মহেন্দ্র সিং ধোনিদের। গ্রুপের পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার ভারতের প্রতিপক্ষ এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া পাকিস্তান।এ ম্যাচে ভারতের ভিতটা গড়ে দিয়েছিলেন স্পিনার রবীন্দ্র জাদেজা। মাত্র ৩৬ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। তাঁর স্পিন-বিষেই প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ রানের বেশি তুলতে পারেনি। ভারতের জয় নিশ্চিত করতে বাকি কাজটুকু করেন ধাওয়ান। সপ্তম ওয়ানডেতে এসে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। আর ভারত জিতল প্রায় ১১ ওভার বাকি থাকতে।২৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০১ রান তোলে ভারত। রোহিত শর্মা আউট হন ৫২ রান করে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। মাঝে ২২ রান করে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই নেন সুনীল নারাইন। সূত্র: ক্রিকইনফো।