
দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচটাকে বানিয়ে ফেলেছিল ‘ফাইনাল’। কিন্তু কাল কানপুরের গ্রিন পার্কে ‘ফাইনাল’টা ঠিক জমল না। আসলে জমতে দিলেন না শিখর ধাওয়ান। ভারতকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বছর বয়সী বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি আর যুবরাজ সিংয়ের হাফ সেঞ্চুরিতে ভারত ম্যাচ এবং সিরিজ জয়ের উৎসব করল ২৩ বল বাকি থাকতেই।
৫ উইকেটের জয়ে অক্ষুণ্ন থাকল এ বছর ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনির ভারতের বিস্ময়কর সাফল্যযাত্রা। এ নিয়ে এ বছরে ছয়টি ওয়ানডে সিরিজ জিতল ভারত। যার মধ্যে আছে চ্যাম্পিয়নস ট্রফি ও একটি ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপাও।
স্থানীয় সময় সকাল ৯টায় যখন খেলা শুরু হলো, কানপুরে তখনো শীতের কুয়াশা কাটেনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কুয়াশা-তত্ত্বকে ভুলই প্রমাণ করলেন। বিশেষ করে কাইরান পাওয়েল ও মারলন স্যামুয়েলস। ২০ রানেই জনসন চার্লসকে হারানোর পর দ্বিতীয় উইকেটে এই দুজনে গড়েন ১১৭ রানের জুটি। পাওয়েল ৭০ ও স্যামুয়েলস ৭১ রান করেন। এর সঙ্গে ড্যারেন ব্রাভোর অপরাজিত ৫১ ও ড্যারেন স্যামির ২৯ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তোলে ৫ উইকেটে ২৬৩ রানে।
ভারতও শুরুর দিকেই হারায় উইকেট। রোহিতকে স্লিপে ক্যাচ বানান রবি রামপল। উড়তে থাকা কোহলি কালও শুরুটা করেছিলেন দারুণ। কিন্তু ক্ষণিকের একটা ভুল সিদ্ধান্তে কাটা পড়েন ১৯ রানে। গুড লেন্থে থাকা রামপলের বলটি শেষ মুহূর্তে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বল তাঁর ব্যাটে চুমু খেয়ে জমা হয় উইকেটকিপার চার্লসের গ্লাভসে। তৃতীয় উইকেটে ধাওয়ান-যুবরাজের ১২৯ রানের জুটি ভারতকে নিয়ে যায় জয়ের কাছে। যুবরাজকে দিয়ে এই জুটি ভাঙেন সুনীল নারাইন। তার আগেই অবশ্য যুবরাজ পেয়েছেন হাফ সেঞ্চুরি। ১১ ইনিংস পর প্রথম হাফ সেঞ্চুরি। ৭৪ বলে ৫৫ রানের ইনিংস দিয়ে যুবরাজ হয়তো ফিরে পেলেন আত্মবিশ্বাসও। যুবরাজ হাফ সেঞ্চুরি এবং ধাওয়ান সেঞ্চুরি উৎসব করেছেন নারাইনের একই ওভারে। এ নিয়ে ওয়ানডেতে ধাওয়ানের সেঞ্চুরি হলো পাঁচটি, পাঁচটিই এ বছরে। ব্রাভোর হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ধাওয়ান ৯৫ বলে করেছেন ১১৯ রান, চার মেরেছেন ২০টি। ভারতের রান তাড়ায় আরও একবার ফিনিশারের ভূমিকায় অধিনায়ক ধোনি, সঙ্গী ছিলেন জাদেজা। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬৩/৫ (চার্লস ১১, পাওয়েল ৭০, স্যামুয়েলস ৭১, ড্যারেন ব্রাভো ৫১*, সিমন্স ১৩, ডোয়াইন ব্রাভো ৪, স্যামি ৩৭*; ভুবনেশ্বর ১/৪২, মোহিত শর্মা ০/৪৭, সামি ১/৪৯, অশ্বিন ২/৪৫, রায়না ০/২৯, জাদেজা ১/৪৯)। ভারত: ৪৬.১ ওভারে ২৬৬/৫ (রোহিত ৪, ধাওয়ান ১১৯, কোহলি ১৯, যুবরাজ ৫৫, রায়না ৩৪, ধোনি ২৩*, জাদেজা ২*; রামপল ২/৫৫, হোল্ডার ০/৪৭, ডোয়াইন ব্রাভো ২/৫৭, নারাইন ১/৩২, স্যামি ০/২২, সিমন্স ০/১৭, পেরমল ০/৩১)।
ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শিখর ধাওয়ান।
ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি।