ধাওয়ানের জায়গায় রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্ট এখন শুধু সুখস্মৃতিই নয়, খানিকটা বেদনাও জাগাবে শিখর ধাওয়ানের মনে। অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন, কিন্তু চোট নিয়ে ছিটকেও পড়তে হলো। মোহালি টেস্টের চতুর্থ দিনে ফিল হিউজের শট থামাতে গিয়ে চিড় ধরেছে বাঁ হাতে, বাঁহাতি ওপেনারকে মাঠের বাইরে থাকতে হবে ছয় সপ্তাহ। যাঁর জায়গায় এই সিরিজের দলে জায়গা হয়েছিল ধাওয়ানের, সেই গৌতম গম্ভীরকেই ডাকা হয়েছিল ধাওয়ানের বদলে। কিন্তু ভাগ্য খারাপ গম্ভীরের, শেষ মুহূর্তে ধরা পড়েছে জন্ডিস। শেষ পর্যন্ত তাই ভাগ্য খুলেছে সুরেশ রায়নার। ওয়েবসাইট।২০১০ সালে সেঞ্চুরি দিয়ে টেস্ট অভিষেক হলেও পরের ১৬ টেস্টে আর তিন অঙ্কের দেখা পাননি রায়না। শেষ টেস্ট খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। এবার রঞ্জিতেও খুব একটা ভালো খেলেননি, ৩৩.৭৭ গড়ে করেছেন ৩০৪ রান। তবে ইরানি ট্রফিতে ১৩৪ ও ৭১ রান করায় দলে ফেরার রাস্তা খুলেছে। অবশ্য দিল্লিতে তাঁর খেলার সম্ভাবনা কম। ধাওয়ানের জায়গা ওপেনিং, রায়নার মিডল-অর্ডার। শেবাগ-ধাওয়ান বাইরে গেলেও স্কোয়াডে ওপেনার আছেন আরেকজন—অজিঙ্কা রাহানে।