ধাওয়ানের সেঞ্চুরি, ভারতের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগটা হারাল জিম্বাবুয়ে। সুযোগ ছিল ভারতকে লজ্জা দেওয়ার, উল্টো জুটল ৫৮ রানের পরাজয়। কাল হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের টপ-অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের চারজনই ফিরেছিলেন অল্প রানেই। টিকে ছিলেন শুধু ওপেনার শিখর ধাওয়ান। জিম্বাবুয়ের বোলার-ফিল্ডারদের ঔদার্যে তিন-তিনবার জীবন পাওয়া ধাওয়ান হয়ে গেলেন পুরোপুরি কৃতঘ্ন। ১৭ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি তো পেয়েছেনই, দিনেশ কার্তিককে নিয়ে পঞ্চম উইকেটে গড়েছেন ১৫৪ বলে ১৬৭ রানের জুটি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারত ৮ উইকেটে করেছে ২৯৪ রান। এরপর জিম্বাবুয়েকে ২৩৬ রানে বেঁধে রেখে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। ১২৭ বলে ১১ চার ও ২ ছয়ে ১১৬ রান। ধাওয়ানের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি থেমে যেতে পারত ৩ রানেই। কাইল জার্ভিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান নো বল হওয়াতে। এরপর ১৪ ও ৭০ রানেও দুবার জীবন পেয়েছেন ধাওয়ান। অন্য প্রান্তে কার্তিক ৭৪ বলে ৬ চারে করেছেন ৬৯। ইনিংসের শেষ ওভারে ভারতকে ২৩ রান এনে দেন বিনয় কুমার (১২ বলে ২৭) ও মোহাম্মদ সামি (১ বলে ৬)। এর আগে বিরাট কোহলির আউট নিয়ে হয়েছে নাটক। মিড উইকেটে ম্যালকম ওয়ালার ক্যাচটি ঠিকমতো নিয়েছিলেন কিনা বোঝা না গেলেও থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন। কোহলি বেরিয়ে না গিয়ে আম্পায়ারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেও ফল হয়নি। তথ্যসূত্র: টেন ক্রিকেট। সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ২৯৪/৮ (রোহিত ১, ধাওয়ান ১১৬, কোহলি ১৪, রায়ডু ৫, রায়না ৪, কার্তিক ৬৯, জাদেজা ১৫, মিশ্র ৯, বিনয় ২৭*, সামি ৬*; ভিটরি ২/২৭, উইলিয়ামস ১/৩৪, চাতারা ১/৪৬, উতসেয়া ১/৬৭, জার্ভিস ১/৭০)। জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৬/৯ (সিবান্দা ৫৫, রাজা ২০, মাসাকাদজা ৩৪, টেলর ০, উইলিয়ামস ৫, ওয়ালার ২, চিগুম্বুরা ৪৬, উতসেয়া ৫২*, জার্ভিস ২, ভিটরি ০, চাতারা ০*; উনাদকাট ৪/৪১, মিশ্র ২/৪৬, জাদেজা ১/৩০, সামি ১/৫২)। ফল: ভারত ৫৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শিখর ধাওয়ান।