ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু ধাক্কা কাটিয়ে উঠেছে ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে একপর্যায়ে তিন উইকেট হারিয়েছিল ৮৩ রানেই। সেখান থেকে দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৫ রান। আলো সল্পতার কারণে আজকের খেলা বন্ধ করা হয়েছে।ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন পেসার শফিউল ইসলাম। ৪৪ রানে ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউসকে (২১) ইমরুলের ক্যাচে পরিণত করেন শফিউল। এরপর ইংল্যান্ড ধাক্কাটা খায় আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ট্রটকে (৩) হারিয়ে। তখন স্কোর বোর্ডে রান ৪৮। খেলা হয়েছে মাত্র ১৩ ওভার ১ বল। এবারও হন্তারক এই সিরিজে প্রথমবারের মতো আজ খেলতে নামা শফিউল। এরপর তৃতীয় উইকেট জুটিতে কেভিন পিটারসেন ও অ্যালিস্টার কুকের ব্যাটে বিপর্যয় কিছুটা সামলে ওঠে স্বাগতিকেরা। ইনিংসের ২৫তম ওভারের প্রথম বলে দলের রান যখন ৮৩ তখন এই জুটি ভাঙেন আবদুর রাজ্জাক। এই জুটিতে তাঁরা সংগ্রহ করেন ৩৫ রান। কুক করেন ২৯ রান। এরপর দলের হাল ধরেন ইয়ান বেল ও পিটারসেন। এ দুজনের অর্ধশত রানে ইংলান্ডের স্কোর ২০০ পেরোয়। পিটারসেনকে ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব আল হাসান। শাহাদাতে বলে জহুরুলের দুর্দান্ত ক্যাচে ৩৭ রান করে আউট হয়েছেন মরগান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা করেছেন ৮৩ ওভারে ৫ উইকেটে ২৭৫ রান। ইয়ান বেল ৮৭ ও প্রাইয়র ২১ রান নিয়ে এখন ব্যাট করছেন। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ড দলে আজমল শেহজাদ ছাড়া আর কোনো পরিবর্তন নেই। তবে বাংলাদেশ দলে রুবেল হোসেন ও রবিউল ইসলামের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন শফিউল ইসলাম ও আবদুর রাজ্জাক। সংশয় থাকলেও আজ খেলছেন লর্ডসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। স্টার ক্রিকেট ও সুপার স্পোর্ট ২ চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করছে। লর্ডস টেস্টে ইংল্যান্ড ৮ উইকেটে জয় পায়।এদিকে পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ও বেগুনবাড়িতে ভবন ধসে নিহতদের স্মরণে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন। ওয়েবসাইট।