ধাক্কা খেল ইংল্যান্ড-ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল ইতালি। কিন্তু শেষপর্যন্ত লুক্সেমবার্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে আজ্জুরিদের। ছবি: রয়টার্স
ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল ইতালি। কিন্তু শেষপর্যন্ত লুক্সেমবার্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে আজ্জুরিদের। ছবি: রয়টার্স

একই গ্রুপে তিন বিশ্বকাপজয়ী দল। ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কঠিন পরীক্ষাতেই নামতে হবে ইংল্যান্ড-ইতালিকে। কিন্তু তার আগে প্রস্তুতিপর্বটা মোটেও ভালো কাটছে না ইউরোপিয়ান দুই পরাশক্তির। গতকাল ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইংল্যান্ড। কোচ রয় হজসন অবশ্য ইতালির দিকে তাকিয়ে কিছুটা সান্ত্বনা পেতেই পারেন। ইকুয়েডর তো তাও বিশ্বকাপেরই দল। ইংল্যান্ডের গ্রুপ প্রতিপক্ষ ইতালি ১-১ গোলে ড্র করেছে নিচের সারির দল লুক্সেমবার্গের সঙ্গে। কয়েক দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিল ইতালি।
ইকুয়েডরের বিপক্ষে গতকাল শুরুতেই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। আট মিনিটের মাথায় গোল করেছিলেন ইকুয়েডরের স্ট্রাইকার ভ্যালেন্সিয়া। ২৯ মিনিটে ইংল্যান্ড সমতা ফিরিয়েছিল ওয়েইন রুনির গোলে। প্রথমার্ধ ১-১ গোলের সমতা নিয়ে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে, ৫১ মিনিটের মাথায় ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন রিকি লাম্বার্ড। ৭০ মিনিটের মাথায় এই গোল শোধ করে দেন ইকুয়েডরের আরোয়ো। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংল্যান্ডকে। গত সপ্তাহে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে খেলা বেশির ভাগ খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিলেন কোচ হজসন। এ কারণেই হয়তো ড্র করেও খুব বেশি চিন্তিত দেখা যায়নি ইংল্যান্ড কোচকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তরুণ খেলোয়াড়দের নিয়ে এই একাদশ সাজিয়েছিলাম। আর আগের ম্যাচের প্রায় সবাই বিশ্রামে ছিল। কিন্তু আমার মনে হয়, আমরা বেশ ভালোই খেলেছি।’

এদিকে কিছুটা ভিন্ন চিত্রই দেখা যাচ্ছে ইতালি শিবিরে। গত সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর গতকাল লুক্সেমবার্গের বিপক্ষেও জয় পায়নি ২০০৬ সালের শিরোপাজয়ীরা। নয় মিনিটের মাথায় ক্লদিও মার্চিসিওর গোলে এগিয়ে গেলেও ম্যাচের শেষপর্যায়ে একটি গোল হজম করতে হয়েছে ইতালিকে। হতাশাজনকভাবে মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে। ইতালির কোচ সিজার প্রানদেল্লি অবশ্য আশা হারাচ্ছেন না। প্রস্তুতিটা ভালো না হলেও ইতালির বিশ্বকাপের সময়টা ভালোই কাটাবে বলে মন্তব্য করেছেন এই ইতালিয়ান কোচ, ‘এই পরীক্ষাটা পুরোপুরিই ব্যর্থ হয়নি। কিন্তু এটা পরিষ্কার যে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা বিশ্বকাপের সময়টা দারুণ কাটাব; এই বিশ্বাস নিয়েই আমাদের শুরু করতে হবে।’

এদিকে প্রস্তুতিপর্বটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে ইংল্যান্ড-ইতালির গ্রুপ প্রতিপক্ষ উরুগুয়ে। গত সপ্তাহে উত্তর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানোর পর গতকাল স্লোভেনিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় পেয়েছে ফোরলান-সুয়ারেজরা। গোল করেছেন এডিনসন কাভানি ও ক্রিশ্চিয়ান স্টুয়ানি।