ধাক্কা খেল রিয়াল-চেলসি
নাপোলি ৩-১ চেলসিসিএসকেএ ১-১ রিয়ালদুজনের মধ্যে অনেকেই মিল খুঁজতে ভালোবাসে। দুজনই পর্তুগিজ। দুজনই খেলোয়াড়ি জীবনে অখ্যাত হলেও খুব কম বয়সেই কোচ হিসেবে খ্যাতি পেয়েছেন। দুজনই আলোচনায় এসেছেন পোর্তোকে ইউরোপিয়ান সাফল্য এনে দিয়ে। একজনের ডাকনাম ‘স্পেশাল ওয়ান’। অন্যজনকে বলা হচ্ছে ‘স্পেশাল টু’।পরশু রাতটাতে অনেকটাই মিলে গেলেন হোসে মরিনহো ও আন্দ্রে ভিলাস-বোয়াস। দুজনের দলই খেয়েছে ধাক্কা। রিয়াল মাদ্রিদ অবশ্য হারেনি। কিন্তু সিএসকেএ মস্কোর মতো দলের কাছে ১-১ ড্রও তো অপ্রত্যাশিত। আর সেই ড্র যদি আসে একেবারে যোগ করা সময়েরও শেষ মুহূর্তে খেয়ে বসা গোলে! ফিরতি লেগে নিজেদের মাঠে নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবে রিয়াল। কিন্তু চেলসি ঘুরে দাঁড়ানোর মতো কোমরের জোর পাবে কি না বলা মুশকিল। নাপোলির মাঠে গিয়ে যে ভিলাস-বোয়াসের দল হেরে এসেছে ৩-১ গোলে!রিয়াল-চেলসি দুই দলই কিন্তু প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। ২৮ মিনিটে এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের চতুর্থ গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলটা তারা পেতে পারত আগেই। করিম বেনজেমার চোটের কারণে মাত্র ১৬ মিনিটেই মাঠে নামার সুযোগ পাওয়া গঞ্জালো হিগুয়েইনের বাঁ পায়ের বাঁকানো শটটা একটুর জন্য লক্ষ্যচ্যুত হয়েছে। এবং শেষ পর্যন্ত পুরো ম্যাচে এটাই হয়ে গেল রিয়ালের প্রতীক। একের পর এক সাজানো আক্রমণ তারা নস্যাৎ করেছে বাজে ফিনিশিংয়ে। সেটারই মাশুল দিতে হয়েছে ড্রয়ে।ম্যাচের শেষে তিন মিনিট যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে জটলার মধ্যে যমজ ভাই ভাসিলি বেরেজুৎস্কি আর অ্যালেক্সেই বেরেজুৎস্কির হেডের আদান-প্রদান। সেখান থেকে বল পেয়ে পন্টাস ওয়ের্নব্লুমের লক্ষ্যভেদ। ১-১! গোল খাওয়ার পেছনেও ছিল বেরেজুৎস্কি ভাইদের হাস্যকর ভুল। ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রক্ষণভাগের দুই সেনানী। সেটাই মওকা মতো পেয়ে গিয়েছিলেন রোনালদো। ভুলের সেই প্রায়শ্চিত্ত করেছেন দুই ভাই গোলে অবদান রেখে। তত্ত্বগতভাবে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখে।নাপোলিও প্রথম গোলটা খেয়েছিল একেবারেই রক্ষণের শিশুতোষ ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো হুয়ান মাতার পায়েই বল ঠেলে দেন নাপোলির এক ডিফেন্ডার। ২৭ মিনিটে পড়ে পাওয়া চৌদ্দ আনা মুঠোয় পুরতে ভুল করেননি মাতা। কিন্তু সর্বশেষ ম্যারাডোনার সময়ে ইউরোপীয় শিরোপা (উয়েফা কাপ) জেতা নাপোলির যে পুনর্জন্ম হয়েছে, সেটাই যেন পরশু বুঝিয়ে দিল তারা। নেতৃত্ব দিলেন আরেক আর্জেন্টাইন। প্রথম আর তৃতীয় গোল দুটি এজেকুয়েল লাভেজ্জির, নাপোলির সমর্থকেরা ভালোবেসে কদিন আগে যাঁকে একটা ঘোড়া উপহার দিয়েছে। ঘোড়ার মতোই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন লাভেজ্জি। মাঝের গোলটির পেছনেও রেখেছেন ভূমিকা। যেটি করেছেন নাপোলির পুনর্জন্মের আরেক কাণ্ডারি উরুগুয়ের এডিনসন কাভানি।এটা মোটামুটি নিশ্চিত, চাকরিটাই অনিশ্চিত হয়ে গেল ভিলাস-বোয়াসের। মরিনহোর সেই শঙ্কা নেই। তবে ফুটবল ম্যাচে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু যে ঘটতে পারে, সেটা তো নতুন করে বুঝলেনই। ১৪ মার্চ ফিরতি লেগের দিনটাতেও মরিনহো আর ভিলাস-বোয়াস থাকবেন একই বিন্দুতে—টেনশন আর শঙ্কায়! ওয়েবসাইট।