দুই পাশে দুই হাত ছড়িয়ে দৌড়। যেন উড়ে যাবেন এক্ষুনি। মোহাম্মদ আমিরের উদ্যাপন আবার দেখা গেল। আগের সিরিজেই অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেওয়া পাকিস্তানের এই উদীয়মান পেসার কাল নটিংহামের ট্রেন্টব্রিজেও কাঁপন ধরিয়ে দিয়েছিলেন ইংলিশদের বুকে। কিন্তু আমিরের এই দারুণ শুরুও মুছে দিলেন পল কলিংউড ও এউইন মরগান। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আমিরের শুরুর এই ধাক্কা ভালোভাবেই সামাল দিল ইংল্যান্ড। ১১৮ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর পল কলিংউড আর মরগান গড়লেন ২১৩ রানের অবিচ্ছিন্ন জুটি। দিনশেষে ৪ উইকেটেই ইংল্যান্ডের স্কোর ৩৩১।মরগানই মূলত পাল্টা-আক্রমণ চালিয়েছেন। ফিফটি করেছেন ৮১ বলে, যাতে চারই ছিল ১০টি, শোয়েব মালিককে ছক্কা মেরে উদ্যাপন করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৮টি চার ও ১ ছক্কায় ১২৫ রান নিয়ে আজ আবারও ব্যাট করতে নামবেন। সেই চিরচেনা দাঁত চেপে লড়াই দিয়েই কলিংউড ৮১ রান করেছেন ১৬৮ বলে। কলিংউডের ওপরই চাপটা ছিল বেশি। কারণ, টেস্ট শুরুর আগে ‘পাকিস্তানের বোলিং নিয়ে বেশি মাতামাতি হচ্ছে’ মন্তব্য করেছিলেন। কলিংউডের মন্তব্য পাকিস্তানি বোলারদের মনে জ্বালা ধরাতেই পারে। শুরু থেকেই সুইং আর বাউন্স দিয়ে আমির-আসিফ ঘাবড়েই দিয়েছিলেন দুই ইংলিশ ওপেনারকে। ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম উইকেট পেতে পারত পাকিস্তান। আমিরের দুর্দান্ত আউট সুইঙ্গার স্ট্রাউসের ব্যাটের কানা ছুঁয়ে চলে গিয়েছিল কামরান আকমলের হাতে। কিন্তু সহজ ক্যাচটা নিতে পারেননি এই উইকেটকিপার।অবশ্য প্রথম উইকেটের জন্য আমিরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। নিজের পঞ্চম ওভারেই কুককে প্রথম স্লিপে ক্যাচ বানিয়েছেন ইমরান ফারহাতের। ‘লাইফ’ পাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি স্ট্রাউস। ১৫ রানে বেঁচে গিয়েও আমিরের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন ৪৫ রানে। এই ক্যাচ নিতে কোনো ভুল করেননি কামরান। আমিরের তৃতীয় শিকার জোনাথন ট্রট। এর মধ্যে আসিফ কেভিন পিটারসেনের স্টাম্প উপড়ে দিলে চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকেই ইনিংস মেরামত করছেন কলিংউড ও মরগান।পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে কাল কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল সালমান বাটের দল। এএফপি ও ওয়েবসাইট।