ধারণা দেবে না ইতিহাসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্থর ও টার্নিং উইকেট চাই; চাই চট্টগ্রামের মতো উইকেট—ঢাকা টেস্টের আগে চারদিকে যেন শুধু এই স্লোগান। ড্যারেন স্যামি কাল উইকেট দেখে বললেন, ‘খটখটে উইকেট।’ মুশফিকুর রহিমের আবার ধারণা, স্পিনাররা খুব বেশি সহায়তা পাবেন না উইকেটে। আসলে উইকেট কেমন, বোঝা যাবে খেলা শুরু হলেই। এই মাঠের ৬ টেস্টের ইতিহাস দেখেও উইকেটের কোনো স্পষ্ট চরিত্র দাঁড় করানো মুশকিল। মিরপুরে সর্বশেষ টেস্ট হয়েছিল গত বছরের মার্চে। বাংলাদেশ-ইংল্যান্ডের সেই টেস্টে মোট রান উঠেছিল ১,৪০৯; বাংলাদেশের মাটিতেই যেটি এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ দিনে চতুর্থ ইনিংসে ইংল্যান্ড ২০৯ রান তাড়া করেছিল ৪৪ ওভারেই, মাত্র ১ উইকেট হারিয়ে। এর আগের টেস্টেই ৮ উইকেটে ৫৪৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত—ছিল দুটি সেঞ্চুরি, তিনটি ফিফটি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১৫১ করেছিলেন তামিম ইকবাল। ওই ইনিংসেই আবার ৭ উইকেট পেয়েছিলেন জহির খান।৬ টেস্টে সেঞ্চুরি হয়েছে ১১টি, চার শর বেশি ইনিংস আছে ৬টি। আবার ৫ উইকেট পেয়েছেন ৮ বোলার, দুই শর নিচে অলআউট হওয়ার ঘটনাও ঘটেছে পাঁচবার। আটটি ৫ উইকেটের ৫টি পেয়েছেন পেসাররা, ৩টি স্পিনাররা। ৬ টেস্টের ১টি ড্র হয়েছে। বাকি ৫টির দুটি জিতেছে আগে ব্যাট করা দল; পরে ব্যাট করা দল জিতেছে তিনটি।পরিসংখ্যান ঘেঁটে সবচেয়ে মজার তথ্য পাওয়া যাচ্ছে প্রতি ইনিংসের উইকেটপ্রতি রানে। প্রথম ইনিংসে উইকেটপ্রতি রান ৪১.০০, দ্বিতীয় ইনিংসে ২৯.৩৮, তৃতীয় ইনিংসে ৩২.২৫। উইকেটপ্রতি রান সবচেয়ে বাজে হওয়ার কথা শেষ ইনিংসে; কিন্তু এখানেই মিরপুর সবচেয়ে এগিয়ে—৫১.৮১! পরিসংখ্যান বা ইতিহাস দেখে উইকেটের চরিত্র বুঝতে গেলে তাই বিভ্রান্তি আরও বাড়বে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পারফরম্যান্সের ওঠানামা এতটাই ছিল যে, সেটা দিয়ে উইকেটের চরিত্র বিবেচনা করা মুশকিল। মিরপুর এবার কী উপহার দেবে, সেটা জানতে তাই অপেক্ষা করাই ভালো!