প্রায় সবার মুখেই স্পেন...স্পেন শুনছি। শোনাই স্বাভাবিক। আজ ফাইনাল শেষেও স্পেন...স্পেনই শুনব বলে আমার ধারণা। অবাক হব না শুনলে। মনোমুগ্ধকর ফুটবল খেলছে স্পেন। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপও জিতবে—শুধু ধারণা নয়, এ আমার বিশ্বাসও।স্পেনের খেলার মূল বৈশিষ্ট্য, বল পজেশন রেখে ছোট ছোট পাসে দ্রুত আক্রমণে যাওয়া। অ্যাটাকিং থার্ডে স্পেনের মতো বল পজেশন আর কেউ করে না। এতে প্রতিপক্ষের রক্ষণ ও মাঝমাঠ নড়বড়ে হয়ে যায়, খেলোয়াড়েরা ধৈর্য ও মনোযোগ হারায়। এরই ফসল ঘরে তোলে স্পেন। বরাবরের মতো আজও তা নিশ্চয়ই করবে স্পেন। আর এটা ভালোভাবে করতে পারলে আমার ধারণা, স্পেনকে জয়বঞ্চিত করা প্রায় অসম্ভব।ক্লাব পর্যায়ে সফল দল বার্সেলোনার ৬-৭ জন খেলোয়াড় নিয়মিতই থাকছে স্পেন একাদশে। এটা স্পেনের জন্য বিরাট সুবিধা। খেলোয়াড়দের মধ্যে খুব ভালো বোঝাপড়া গড়ে উঠেছে। একে অন্যের চোখের ভাষাটা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে। স্পেনের অন্যতম শক্তির দিক এটা।স্প্যানিয়ার্ড ডিফেন্ডাররা ভুল করে খুব কম। প্রতিপক্ষের সীমানায় বল পজেশন বেশি রাখায় ডিফেন্ডাররা খানিক নির্ভার থাকতে পারে। প্রয়োজনের সময় ভালো রক্ষণ এ কারণেই করতে পারে স্পেনের রক্ষণভাগ। ‘স্পেন কেন জিতবে’ প্রশ্নের এটাও একটা উত্তর হতে পারে।স্পেন মানসিকভাবে একটা জায়গায় খুব সজাগ। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারটা স্পেনকে সব সময়ই মনে করিয়ে দেয়, ‘সাবধান!’ আর তা গোটা দলকে উজ্জীবিত করে তোলে এবং বাড়তি সতর্কতায় দলকে নিয়ে যায় জয়ের পথে। আজও এর ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভবনা কম। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উজ্জীবনী শক্তির অভাব নেই হল্যান্ডেরও। তবে প্রথম ম্যাচের পরাজয়টা শাপেবর হয়েছে স্পেনের জন্য, যার ফল ফাইনালেও পেতে পারে।হল্যান্ড স্বাভাবিক খেলা খেলতে দেবে না স্পেনকে। দলটি কিন্তু বিপজ্জনক। হল্যান্ডের খেলার ধরন আলাদা। মাঝমাঠ আর রক্ষণে ডাচরা উচ্চাভিলাষী নয়। তবে রক্ষণ জমাট রেখে অবস্থা বুঝে আক্রমণে গেলেও স্পেন যেমন ধীরে ধীরে আক্রমণে ওঠে, হল্যান্ড কিন্তু খুব দ্রুত। উইং ব্যবহার বেশি করে। ক্রস কাজে লাগানোর সামর্থ্যবান খেলোয়াড় হল্যান্ডে বেশ কয়েকজন আছে। এই দিকটা নিয়ে সতর্ক থাকা চাই স্পেনের।ম্যাচে কী ঘটবে বলা মুশকিল। তবে শেষ পর্যন্ত নায়ক তো খেলোয়াড়েরাই। ব্যক্তিগত নৈপুণ্যধারী খেলোয়াড় হল্যান্ডের চেয়ে স্পেনের বেশি। ক্যাসিয়াস, জাভি, ইনিয়েস্তা, ভিয়া...এরা সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। স্পেন জিততে পারে এই খেলোয়াড়দের নৈপুণ্যে।