ধারাবাহিকতাই লক্ষ্য জয়াবর্ধনের
মাত্রই পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা। এবার তাদের প্রতিপক্ষ ভারত। শনিবার থেকে ঘরের মাটিতেই ভারতের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে লঙ্কানরা। এই সিরিজেও পাকিস্তানের মতো ভারতের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেছেন, ‘সদ্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আমরা সফলভাবে শেষ করেছি। এই মুহূর্তে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই গুরুত্বপূর্ণ।’ জয়াবর্ধনে আরও বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের অনেক ঘাম ঝরাতে হবে।’জয়াবর্ধনের মতে, ভারতের বিপক্ষে সিরিজটা একটা ভালো সুযোগ। তিনি এই সিরিজকে এগিয়ে যাওয়ারও এক অনুষঙ্গ হিসেবে দেখতে চান। সেই সঙ্গে দেখতে চান নতুন খেলোয়াড়দের যাচাই করে নেওয়ার উপলক্ষ হিসেবেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কয়েকজন নতুন ক্রিকেটারকে এই সিরিজের মাধ্যমে পরখ করা হবে বলে জানিয়েছেন লঙ্কান দলপতি।