ধারাভাষ্যকক্ষে নতুন স্পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব আখতার
শোয়েব আখতার

ক্যারিয়ারজুড়ে ছুটেছেন গতির নেশায়। ক্রিকেট তাঁর কাছে ছিল রোমাঞ্চের আরেক নাম। তাঁর বোলিং রোমাঞ্চকর ছিল ক্রিকেট রোমান্টিকদের কাছে। তারকাখ্যাতিটা উপভোগ করতে চাইতেন প্রতিটি মুহূর্তে, মাত্রা ছাড়িয়ে গোলমালও বাধাতেন প্রায়ই। বোলিং দিয়ে হোক বা বিতর্ক, সব সময়ই থেকেছেন খবরের শিরোনামে। তাঁর ছটফটে, চঞ্চল চরিত্রের সঙ্গে ধারাভাষ্যের ধীরস্থির কাজটি ঠিক যায় না। তবে আপাতত চরিত্রের সঙ্গে বেমানান কাজটি করতেই বাংলাদেশে এসেছেন শোয়েব আখতার। ২০১১ বিশ্বকাপে ক্রিকেট ছাড়ার পর কিছুদিন ধরে বিশেষজ্ঞ মতামত দিয়ে আসছিলেন পাকিস্তানের একটি টিভি চ্যানেলে। এবার ধারাভাষ্যে হাতেখড়িও হয়ে গেল সর্বকালের দ্রুততম বোলারের। এই বিশ্বকাপে কাজ করছেন স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্য দলে। গত পরশু ভারত-পাকিস্তান ম্যাচের পর ধারাভাষ্য দিয়েছেন কাল চট্টগ্রামের দুই ম্যাচেও। চুক্তির বাধ্যবাধকতার কারণে কথা বলতে না চাইলেও শুধু এটুকু বললেন, উপভোগ করছেন। তাঁর যা চরিত্র, তাতে ধারাভাষ্য বেশি দিন উপভোগ করলে সেটাই হবে বিস্ময়ের!